২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টায়ার বিক্রিতে ভ্যাট ২ শতাংশে নামিয়ে আনার দাবি

খুচরা পর্যায়ে টায়ার বিক্রির উপর ভ্যাট ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2022, 07:17 PM

Updated : 02 Aug 2022, 03:03 PM

আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট নিয়ে রোববার এক আলোচনায় এ প্রস্তাব তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক মো. আসলাম।

তিনি বলেন, “এখনও দেশ টায়ার আমদানিনির্ভর। বাস-ট্রাকের টায়ার বিক্রির উপর ৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করলে প্রতি টায়ারে প্রায় এক হাজার ২০০ টাকা পর্যন্ত ভ্যাট দিতে হয়। অথচ এই ব্যবসার যে অবস্থা তাতে সবমিলিয়ে প্রতিটি টায়ারে ২০০ টাকার বেশি লাভ করা যায় না।

“কিন্তু ৫ শতাংশ ভ্যাট দেওয়ার কারণে এই খাতের ব্যবসায়ীরা প্রচণ্ড চাপে পড়ে গেছেন। অনেকেই এই ব্যবসা থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছেন। তাই টায়ার বিক্রির ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে নামিয়ে ২ শতাংশ করার প্রস্তাব করছি।”

আমদানি মূল্য ঘোষণার সময় ১৫ দিনের পরিবর্তে ২০ দিনে উন্নীত করার সুপারিশ জানিয়ে আসলাম বলেন, “এসব পণ্যের বিল অব এন্ট্রি হাতে পেতে সময় লাগে। তাই মূল্য ঘোষণার সময় বাড়ানোর দাবি জানাচ্ছি।”

আলোচনায় বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতি আরিফুর রহমান মিনা বলেন, “মোটর গাড়ির গ্যারেজ এবং ওয়ার্কশপে গাড়ি মেরামত ও সার্ভিসিং ও সংযোজিত যন্ত্রপাতি যন্ত্রাংশের মূল্যসহ সেবার ওপর নিট ১০ শতাংশ ভ্যাট নেওয়া হচ্ছে। যানবাহন সার্ভিসিংয়ের ওপর ৪ দশমিক ৫০ শতাংশ করার দাবি জানাচ্ছি।”

ওয়ার্কশপের ভাড়ার ওপর যে ১৫ শতাংশ ভ্যাট আদায় করা হয়ে থাকে তা ন্যায্য নয় মন্তব্য করে তিনি বলেন, “অটোমোবাইল ওয়ার্কশপ মালিকেরা অন্যের জায়গা ভাড়া করে ওয়ার্কশপ ব্যবসা পরিচালনা করে। এই ভাড়ার ওপর সরকার ১৫ শতাংশ ভ্যাট নিচ্ছে। এই ভ্যাট প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিম বলেন, “ব্যবসায়ীরা সবাই ভ্যাট, কর শুধুই কমাতে বলছেন। তাহলে দেশের রাজস্ব আসবে কোথা থেকে? দেশের উন্নয়ন হবে কীভাবে? ব্যবসায়ীদের যৌক্তিকভাবে দাবি জানানোর আহ্বান জানাচ্ছি।”

অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহণ) সংস্থা’র ভাইস প্রেসিডেন্ট সাইদুর রহমান রিন্টু, বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলারস অ্যাসোসিয়েশন সভাপতি মতিউর রহমান উপস্থিত ছিলেন।