২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গরু-খাসির মাংসের সঙ্গে বেড়েছে পেঁয়াজ, চিনি, তেলের দাম

ঊর্ধ্বগতির কাঁচা বাজারে এ সপ্তাহে নতুন করে বেড়েছে আরও কিছু নিত্যপণ্যের দাম; যেগুলোর মধ্যে গরু ও খাসির মাংস যেমন রয়েছে, তেমনি প্রতিবেলার রান্নার ব্যবহৃত পেঁয়াজ, ভোজ্যতেল ও চিনিও রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2022, 11:11 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, চলতি সপ্তাহে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে এসব পণ্য।

প্রতি সপ্তাহেই কোনো না কোনো পণ্যের দাম বাড়ায় বাজার করতে আসা ক্রেতারা বরাবরের মতো অস্বস্তির কথাই জানাচ্ছেন।

মিরপুর বড়বাগ বাজারে সোহরাব হোসেন নামের এক ক্রেতাকে বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এমন কোনো পণ্য দেখাতে পারবেন না যেটার দাম কমেছে বা স্বস্তির মধ্যে আছে। এ টু জেড সব পণ্যের দামই বেড়েছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“প্রতিদিন কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। আর যেটার দাম একবার বাড়ছে তা আর আগের জায়গায় ফিরে আসছে না।“

মিরপুর এলাকায় গরুর মাংসের দোকানগুলোতে দেখা যায় প্রতিকেজি মাংস বিক্রি হচ্ছে ৬৪০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ৬০০ টাকার মধ্যে ছিল।

আর একমাস আগে গরুর মাংস বিক্রি হয়েছে দোকানভেদে ৫৬০ থেকে ৫৮০ টাকায়। অর্থাৎ সাম্প্রতিক সময়ে শুধু গরুর মাংসের দামই বেড়েছে কেজিতে ৮০ টাকা।

চলতি সপ্তাহে খাসির মাংস বিক্রি হচ্ছে প্রতিকেজি ৯০০ থেকে ৯৩০ টাকায়, যা এক মাস আগেও ৮০০ টাকায় এবং গত বছর ৭৫০ টাকায় বিক্রি হতো।

মিরপুর এলাকায় গরুর মাংসের চেইনশপ কাদের গোস্তবিতানের একজন ব্যবস্থাপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন গরুর মংস ৬৪০ টাকায় বিক্রি হচ্ছে তা বুঝতে হলে গাবতলীর গরুর হাটে যেতে হবে।

“সরবরাহ কম, অন্যদিকে দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। এখন শুনতে যেমনই শোনাক ৬৪০ টাকার নিচে বিক্রি করার উপায় নেই।“

একই ব্যাখ্যা দিলেন পীরেবাগের মাংস বিক্রেতা স্বপন। তিনি জানান, “গতকাল ৮৩ হাজার টাকা দিয়ে যে গরু কিনে আললাম সেটি গত সপ্তাহের বাজারেও ৭০ হাজার টাকার মধ্যে ছিল। তিন মণ মাংস হল।

“৬৪০ টাকা করে বিক্রি করেও পেলাম ৭৭ হাজার টাকা। বাদবাকি গরুর কলিজা, পায়াসহ অন্যান্য কিছু বিক্রি করে কোনো রকমে খরচ পোষালাম।”

গত দুই মাস ধরেই ভোক্তাকে প্রতিকেজি ১৫০ থেকে ১৬০ টাকায় ‘সবচেয়ে সস্তার’ ব্রয়লার মুরগি খেতে হচ্ছে। সাধারণত সারাবছর ১১৫ থেকে ১৪০ টাকার মধ্যে উঠানামা করা ব্রয়লার মুরগির দাম প্রতিকেজি ২০০ টাকায়ও উঠেছিল। তবে দাম কিছুটা কমলেও তা আগের অবস্থায় ফিরে আসা নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন খাত-সংশ্লিষ্টরা।

মাংস রান্না করার কাজে অত্যাবশক তেলের চড়া বাজার আরও তেতেছে। শুক্রবার খোঁজ নিয়ে দেখা গেছে, বাজারে এখন বোতলজাত সয়াবিন তেলের চেয়ে খোলা সয়াবিন তেলের দামই বেশি। চাহিদামতো বোতলজাত সয়াবিন তেল না মেলায় খোলা সয়াবিন তেল কিনতে বাধ্য হচ্ছেন অনেকেই।

সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দিতে হচ্ছে ক্রেতাদের। ওই দামের ধারে কাছেও নেই বাজারের দর। 

গত সপ্তাহে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৬৮ টাকা নির্ধারণ করেছে। একইভাবে খোলা সয়াবিন তেলের দাম ধরা হয়েছে ১৪৩ টাকা। সুপার পাম তেলের দাম ধরা হয়েছে ১৩৩ টাকা।

এদিন পীরেরবাগের শাহাদাত স্টোরে গিয়ে দেখা যায়, খোলা সয়াবিন তেল প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকা, পাম তেল বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৬০ টাকায়। লিটারে রূপান্তরের পরের হিসাবে দেখা যায়, সয়াবিন ১৭০ টাকা ও পাম তেল ১৫৩ টাকায় বিক্রি হচ্ছে, যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি।

চলতি সপ্তাহে খুচরা বাজারে দেশি পেঁয়াজের দামও কেজিতে অন্তত ১০ টাকা বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

গত দুই মাস ধরে আটার দামও বেড়েছে কেজিতে অন্তত ৫ টাকা। দুই কেজির প্যাকেট আটার গায়ের মূল্য ৯০ টাকা, বিক্রি হচ্ছে ৮০ টাকা থেকে ৮৫ টাকায়। দুই মাস আগেও প্রতিকেজি ৩২ টাকা থেকে ৩৪ টাকায় বিক্রি হচ্ছিল আটা।  

আল আমিন নামের একজন দোকানি জানান, চিনি চলতি সপ্তাহে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ৭৫ টাকা ছিল।

চিকন মসুর ডাল একমাস আগে ১১০ টাকা বিক্রি হতো এখন ১২০ টাকায় চলছে। মসুর ডালের মোটা দানা এখন ১০০ টাকায় বিক্রি হচ্ছে যা দুই মাস আগে ৬০ টাকা থেকে ৬৫ টাকায় বিক্রি হতো।

সবজি বাজারের ‘স্বস্তি’ উধাও ভোজ্যতেলে  

শীতের মৌসুমে সবজির বাজারে সরবরাহ বেড়ে আগের চেয়ে দাম কমে এলেও তা আগের বছরের তুলনায় বেশি বলে সবজি কিনেও মন ভরছেনা রাজধানীবাসীর।

সবজি বিক্রেতা আলমগীর হোসেন বলেন, এই বছর কোনো সবজির দাম কমেনি বরং দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হচ্ছে। এখন কোনো সবজির দামই কমে নাই।

“শীতের শেষে এসেও ৫০ টাকা কেজিতে টমেটো এর আগে কোনো বছর খেয়েছি বলে মনে পড়ে না। এই সময়ে ১৫ টাকা থেকে ২০ টাকায় পাওয়া যেত টমেটো। পুরো সিজনে শিমের দাম ৫০/৬০ টাকার নিচে নামেনি। অথচ মওসুমে শিম ২৫ থেকে ৩০ টাকায় নেমে আসতো প্রতি বছর।“

তিনি জানান, ১০ থেকে ১৫ টাকায় যে ফুলকপি, বাধা কপি গত মওসুমে পাওয়া যেত সেটাও এবার ৫০ টাকার নিচে নামছে না।

বাজারে এখন শসা ৭০ টাকা, গাজর ৩০ টাকা, কপি ৫০ টাকা, বেগুন ৫০ টাকা থেকে ৬০ টাকা, মরিচ ৭০ টাকা, শিম ৬০ টাকা, টমেটো ৫০ টাকায় প্রতিকেজি বিক্রি হচ্ছে।

এগুলোর চেয়ে অবশ্য আলুর দাম। এখন সবচেয়ে কম দামে এটি পাওয়া গেলেও গত বছরের তুলনায় কেজিতে ৬ টাকা বেশি; বিক্রি হচ্ছে প্রতিকেজি ২০ টাকায়।

নাম প্রকাশ না করে আরেকজন সবজি বিক্রেতা বলেন, এই শীতে সবজির দামও খুব একটা কমেনি। এতে মানুষজন কেনাকাটা সীমিত করে দিয়েছে। বিক্রি কমেছে, বেড়েছে কেবল চাঁদা।

মিরপুর-১ নম্বরে শাহ আলী মার্কেট থেকে সবজি কিনে পীরেরবাগ আসার সময় পথে চাঁদার পরিমাণ বেড়েছে বলে অভিযোগ করেন তিনি।