২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খরচ ছাড়াই ‘নগদ’ এ পল্লী বিদ্যুতের বিল

দেশের বেশ কয়েকটি এলাকায় কোনো ধরনের ফি ছাড়াই মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’ এর মাধ্যমে পল্লী বিদ্যুতের প্রিপেইড বিল দেওয়া যাবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2022, 06:53 PM

Updated : 02 Aug 2022, 02:51 PM

সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ ও ভালুকার গ্রাহকগণ প্রিপেইড মিটারের বিদ্যুৎ বিল কোনো খরচ ছাড়াই পরিশোধ করতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ‘নগদ’।

গ্রাহকরা ‘নগদ’ অ্যাপ অথবা ইউএসএসডি- এর (*167#) মাধ্যমে এবং নিকটবর্তী ‘নগদ’ উদ্যোক্তার কাছে গিয়েও বিনা খরচে তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

এর আগে কোনো ধরনের ফি ছাড়া পোস্টপেইড মিটারের বিল দেওয়ার সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে সরকারের আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’।

‘নগদ’-এর মাধ্যমে পল্লী বিদ্যুতের প্রিপেইড বিল পরিশোধের ক্ষেত্রে একজন গ্রাহক সর্বনিন্ম ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যেকোনো পরিমাণ বিল পরিশোধ করতে পারবেন।

বিল দিতে ‘নগদ’ অ্যাপের হোম স্ক্রিন থেকে ‘বিল পে’ নির্বাচন করতে হবে। এরপর ইলেকট্রিসিটি সিলেক্ট করে বিআরইবি সিলেক্ট করতে হবে। পরবর্তীতে মিটার নম্বর দিয়ে বিলের পরিমাণ লিখে ‘নগদ’-এর পিন নম্বর দিয়ে ধরে রাখতে হবে।

‘নগদ’-এর ইউএসএসডি কোড ব্যবহার করে বিল পরিশোধ করতে গ্রাহককে প্রথমে *167# ডায়াল করতে হবে। এরপর মেন্যু থেকে ৫ চেপে ‘বিল পে’ সিলেক্ট করতে হবে। তারপর ইলেকট্রিসিটি সিলেক্ট করে বিআরইবি সিলেক্ট করতে হবে। পরবর্তীতে মিটার নম্বর দিয়ে বিলের পরিমাণ লিখে ‘নগদ’-এর পিন নম্বর দিয়ে বিল পরিশোধ করতে হবে।

বিল পরিশোধ হয়ে গেলে গ্রাহকরা টোকেন নম্বরসহ একটি এসএমএস পাবেন। এই টোকেন নম্বরটি গ্রাহককে তার ডিজিটাল মিটারে ম্যানুয়ালি প্রবেশ করিয়ে রিচার্জটি সম্পূর্ণ করতে হবে।

এ বিষয়ে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, “মানুষকে ডিজিটাল লাইফে অভ্যস্ত করতে এবং নতুন নতুন সেবা চালু করতে প্রতিনিয়ত কাজ করছে ‘নগদ’।

“আমরা বিশ্বাস করি, নতুন এই সেবাটি মানুষের জীবনকে সহজ করতে ভূমিকা রাখবে এবং মানুষ ঘরে বসে এই সেবাটি উপভোগ করতে পারবে।”