সাজিদা ফাউন্ডেশনের গ্রিন বন্ড স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনায়
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনায় ছাড়া দেশের প্রথম গ্রিন বন্ড বিক্রি শুরুর অপেক্ষায় রয়েছে।
সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বন্ডটির ব্যবস্থাপক।
চলতি বছরের এপ্রিলে দেশে প্রথমবারের মতো গ্রিন বন্ড ছেড়ে সাজিদা ফাউন্ডেশনকে ১০০ কোটি টাকা তোলার অনুমতি দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
প্রয়োজনীয় সব প্রক্রিয়া শেষ করে বন্ডটি বিক্রি করে টাকা তোলার অপেক্ষায় সাজিদা ফাউন্ডেশন।
প্রথম অনুমোদন পেলেও এতদিন এই বন্ডটির বিক্রি শুরু হয়নি। অনুমোদিত আরএফএলের সহযোগী কোম্পানি প্রাণ এগ্রোর ১৫০ কোটি টাকার গ্রিন বন্ড বিক্রি শুরু হয়েছে এরই মধ্যে।
বন্ড ছেড়ে তোলা অর্থ দিয়ে সাজিদা ফাউন্ডেশন ক্ষুদ্রঋণের পাশাপাশি পরিবেশবান্ধব ও জ্বালানি সক্ষমতার বিভিন্ন এসএমই উদ্যোগে ঋণ দেবে।
এই বন্ড বিক্রি উপলক্ষে বিএসইসির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, সাজিদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদা ফিজ্জা কবির ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় উপস্থিত ছিলেন।
১৯৯৭ সালে যাত্রা শুরুর পর থেকে বাংলাদেশের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পুঁজিবাজার ইউনিট বিদ্যুৎ, টেলিযোগাযোগ, অবকাঠামো, খাদ্য ও পানীয়, টেক্সটাইল, পরিষেবাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলার স্থানীয় ও বৈদেশিক মুদ্রা সিন্ডিকেটেড ঋণ প্রদান করেছে।
