২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইওআরএ বৈঠক: ব্যবসা-বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2021, 06:07 PM

Updated : 10 Oct 2022, 06:24 PM

বুধবার প্রধানমন্ত্রীর তার কার্যালয়ে আইওআরএ  মন্ত্রী পর্যায়ের ২১তম বৈঠকে যোগ দিতে আসা ১২টি দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় তিনি এই আহ্বান জানান।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের কাছে আলোচনার নানা বিষয় তুলে ধরেন।

জোটের প্রতিনিধিদের স্বাগত জানিয়ে বাংলাদেশের পক্ষ থেকে সদস্য দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে গুরুত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরেন শেখ হাসিনা।

সদস্য দেশগুলোর আন্তঃআঞ্চলিক বিনিয়োগ প্রবাহ নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “আইওআরএ  দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের আরও সুযোগ রয়েছে।”

এসময় সাগরের সম্পদ ব্যবহারের লক্ষ্যে সমুদ্র অর্থনীতির (ব্লু ইকোনমি) উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালাতে ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ)সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

সদস্য দেশগুলোও ব্লু ইকনমির ওপর জোর দিয়েছে বলে প্রধানমন্ত্রীকে জানান বৈঠকে যোগ দেওয়া প্রতিনিধি দলের নেতারা।

ভারত মহাসাগর অঞ্চলে কারও একক আধিপত্য চাই না: মোমেন  

শেখ হাসিনা বলেন, “আপনারা এমন সময় ঢাকা সফর করছেন যখন বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছে। আপনাদের উপস্থিতি জন্মশতবার্ষিকী উদযাপনে নতুন মাত্রা যোগ করেছে।”

এ সময় সফলভাবে বাংলাদেশে করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “করোনা মহামারী সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী রয়েছে।”

এ প্রসঙ্গে শেখ হাসিনা জানান, দেশেই করোনাভাইরাসের টিকা উৎপাদনে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিনই জাতীয় সংসদে করোনাভাইরাসসহ বিভিন্ন রোগের টিকা দেশেই উৎপাদনের লক্ষ্যে ভ্যাকসিন ইন্সটিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রেস সচিব ইহসানুল করিম জানান, জনগণের খাদ‍্য, শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক চাহিদা নিশ্চিত করতে সরকারের সর্বাত্মক চেষ্টার চিত্র বৈঠকে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এসময় আইওআরএ  জোটের সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন বলেও জানান প্রেস সচিব।

বৈঠকটি সঞ্চালনা করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পরে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এলপি মারসুদি, দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী ড. প্যানডোর এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জিএল পেইরিস আলাদাভাবে প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস এই সময় উপস্থিত ছিলেন।