ফেইসবুক বিভ্রাটে জাকারবার্গের লোকসান ৬০০ কোটি ডলার
বিভ্রাটের কবলে পড়ে যে ছয় ঘণ্টা ফেইসবুক বন্ধ ছিল, ওই সময়ে পুঁজিবাজারে এ কোম্পানির দরপতনে মার্ক জাকারবার্গের সম্পদের অর্থমূল্য কমে গেছে ৬০০ কোটি ডলার।
ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়, বিশ্বের শীর্ষ এই সোশাল মিডিয়া কোম্পানির শেয়ারের দরপতনের কারণে বিশ্বের ধনী ব্যক্তির তালিকাতেও এক ধাপ নিচে নেমে গেছেন জাকারবার্গ।
সোমবার বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিভ্রাটের কবলে পড়ে ফেইসবুক। কেবল ফেইসবুক নয়, এ কোম্পানির মালিকানাধীন ইনস্টাড়গ্রাম, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারসহ অন্যান্য সেবাও বন্ধ হয়ে যায়।
জটিলতা কাটিয়ে ফেইসবুকের এসব সেব চালু করতে লেগে যায় প্রায় ছয় ঘণ্টা। এই সময়ে পুঁজিবাজারে ফেইসবুক ইনকর্পোরেশনের শেয়ারের দাম ৪ দশমিক ৯ শতাংশ কমে যায়।
রয়টার্স জানিয়েছে, গত নভেম্বরের পর এক দিনে ফেইসবুকের শেয়ারের দরপতনের সবচেয়ে বড় ঘটনা এটি।
ফাইল ছবি
কয়েক সপ্তাহের ব্যবধানে প্রায় ১৪ হাজার কোটি ডলার থেকে কমে জাকারবার্গের সম্পদের পরিমাণ বর্তমান অবস্থানে নেমে এসেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।
সাবেক কর্মী ফ্রান্সিস হাউগেনের বিস্ফোরক অভিযোগের পর ফেইসবুকের জন্য এই বিভ্রাট ছিল দ্বিতীয় ধাক্কা। হাউগেন রোববার অভিযোগ করেন, বিদ্বেষ ছড়ানো আর ভুয়া তথ্য মোকাবেলার চেয়ে মুনাফার দিকটাই দেখেছে ফেইসবুক।
হাউগেনের হাত দিয়ে ফাঁস হওয়া ফেইসবুকের অভ্যন্তরীণ নথির কারণে ব্যাপক সমালোচনার পাশাপাশি মার্কিন সিনেটের তদন্তের মুখে পড়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। মঙ্গলবারই এসব বিষয়ে তার মার্কিন সিনেটে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
