২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় কোরবানির পশুর হাট ১৭ জুলাই থেকে

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের ২০টি কোরবানির পশুর হাটে আগামী ১৭ জুলাই থেকে বেচাকেনা শুরু হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2021, 08:20 PM

Updated : 02 Aug 2022, 06:04 PM

একটি স্থায়ী হাটসহ দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি এবং একটি স্থায়ীসহ উত্তর সিটির ৯টি স্থানে বসবে পশুর হাট।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৬ জুলাই পর্যন্ত হাটগুলোর প্রস্তুতি নেবেন ইজারাদাররা।

“১৭ তারিখ থেকে কোরবানির পশু বেচাকেনা করা হবে। তা চলবে ২১ জুলাই পর্যন্ত।”

করোনাভাইরাস সংক্রমণ রোধে হাট পরিচালনায় কিছু ‘গাইডলাইন’ মেনে চলতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয় যেসব নির্দেশনা দিয়েছে সেগুলো মেনে চলার শর্ত আমরা ইজারাদারদের দিয়েছি। এসব শর্ত কঠোরভাবে মেনে চলতে হবে। শর্ত অনুযায়ীই হাট পরিচালনা করতে হবে তাদের।”

উত্তর সিটি করপোরেশন এলাকায় ১০টি হাট বসানোর কথা থাকলেও একটি বাদ যাচ্ছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক।

তিনি বলেন, ৩০০ ফুট সড়কের পাশে ডুমনি এলাকার অস্থায়ী হাট বন্ধ করে দেওয়া হবে।

“বাকি নয়টি হাটের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। হাটে কোরবানির পশু আসাও শুরু হয়েছে। ১৭ জুলাই থেকে কেনা-বেচা শুরু হবে।

কাউন্সিলরদের নিয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “তারা থাকবেন। সব হাটের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর নজরদারি করা হবে।”

রোববার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ায় আগামী ২১ জুলাই কোরবানি ঈদ উদযাপিত হবে বলে ঘোষণা দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

গত বছর ৮ মার্চ দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর মহামারীর মধ্যেই এ বছর দ্বিতীয়বারের মত ঈদুল আযহা উদযাপিত হবে বাংলাদেশে।

সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১ জুলাই থেকে শুরু কঠোর লকডাউন ১৪ জুলাই পর্যন্ত চলবে।

সোমবার বিধিনিষেধের শর্ত শিথিল করে তা ২২ জুলাই পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার।

আরও পড়ুন:

ঈদুল আজহা ২১ জুলাই  

মহামারী: স্বাস্থ্যবিধি মেনে ঢাকা উত্তরে ১০ পশুর হাট  

মহামারী: তিনটি পশুর হাট কমালো ঢাকা দক্ষিণ সিটি  

অনলাইনে পশুর হাট: দ্বিধা থাকলেও আগ্রহ বাড়ছে  

হাট বসেনি, অনলাইনে গরু বিক্রি করছেন চাঁদপুরের খামারিরা