২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহামারী: তিনটি পশুর হাট কমালো ঢাকা দক্ষিণ সিটি

কোরবানির ঈদ সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবার ১৩টি অস্থায়ী পশুর হাট বসার কথা থাকলেও করোনাভাইরাস মহামারীর কারণে তিনটি কমানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2021, 09:35 PM

Updated : 07 Apr 2022, 11:20 PM

শুক্রবার দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছেরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা এবং শ্যামপুর-কদমতলী বাস স্ট্যান্ডের পাশের খালি জায়গায় পশুর হাট এবার বসবে না।

দক্ষিণ সিটির সম্পত্তি বিভাগ এবার ১৩টি অস্থায়ী পশুর হাটের দরপত্র ডেকেছিল। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের দরপত্র শেষে ১০টি হাটের ইজারা দেওয়া হয়। বাকি তিনটি হাট বাতিল হল।

দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, দশটি পশুর হাটে ঈদের দিনসহ মোট ৫ দিন কোরবানির পশু কেনাবেনা হবে।

আর ঢাকা দক্ষিণ সিটির অস্থায়ী হাটগুলো হলো- উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘের ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, হাজারীবাগ এলাকায় ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠসংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজ মাঠসংলগ্ন খালি জায়গা, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনালসংলগ্ন উন্মুক্ত জায়গা, আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচ সেকশন ১ ও ২-এর খালি জায়গা, লালবাগের রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা এবং গোলাপবাগে দক্ষিণ সিটি করপোরেশন মার্কেটের পেছনের খালি জায়গা।