অগ্রণী ব্যাংকের লেনদেন করা যাবে বিকাশে
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে মোবাইল আর্থিক সেবাদাতা বিকাশ অ্যাকাউন্টে টাকা আনা এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে অগ্রণী ব্যাংকে হিসাবে টাকা জমা দেওয়া যাবে।
এর ফলে সারাদেশে অগ্রণী ব্যাংকের এক কোটিরও বেশি গ্রাহকের জন্য ব্যাংকিং লেনদেন আরও সহজ, নিরাপদ এবং সময় ও খরচ সাশ্রয়ী হবে বলে জানিয়েছে বিকাশ।
অগ্রণী ব্যাংক ও দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ যৌথভাবে প্রথমবারের মতেদা এই দ্বি-মুখী সেবা (অগ্রণী হতে বিকাশ এবং বিকাশ হতে অগ্রণীতে টাকা লেনদেন) চালু করেছে।
বৃহস্পতিবার ভার্চুয়াল এক অনুষ্ঠানে এই সেবা কার্যক্রম উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন,“ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের সদিচ্ছায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে অগ্রণী ব্যাংকের সেবা বিকাশের মাধ্যমে মানুষের ঘরে পৌঁছে যাচ্ছে। আমাদের দেশের মোবাইল আর্থিক সেবার খ্যাতি বিশ্বজোড়া, আজকের এই উদ্যোগে সেই সাফল্যে আরও একটি পালক যুক্ত হল।”
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব আসাদুল ইসলাম বলেন, “গ্রাহকবান্ধব সেবায় অগ্রণী ব্যাংকের এই উদ্যোগ প্রশংসনীয়। এতে করে সকল পর্যায়ের গ্রাহকের জন্য ব্যাংকিং সেবা আরো সহজলভ্য হল।”
অগ্রণী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জায়েদ বখত বলেন, “ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের প্রান্তিক জনগোষ্ঠির কাছে মোবাইল ব্যাংকিং সেবা পৌছাতে অগ্রণী ব্যাংকের এই উদ্যোগ অগ্রণী ভূমিকা পালন করবে। এছাড়া, এই উদ্যোগ গ্রহণের ফলে ব্যাংকের গ্রাহকসেবার মানও বৃদ্ধি পাবে।”
অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ শামস-উল ইসলাম বলেন, “প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর-দেশজুড়ে আমাদের ৯৫৮টি শাখা এবং প্রায় ৪০০টি এজেন্ট ব্যাংকিংয়ের অগণিত গ্রাহক নতুন এই সেবার কল্যাণে তাদের প্রয়োজনমত যেকোন সময় লেনদেন করতে পারবেন। সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যাংকের শাখাগুলোর সার্বিক সেবার মানও আরো বাড়াতে এই পদক্ষেপ জোরালো ভূমিকা রাখবে।”
“কেবল অ্যাকাউন্ট থেকে টাকা আনা এবং জমা দেয়াই নয়, ঋণ প্রদান, বিনিয়োগ-এর মত ব্যাংকিং সেবাগুলোও গ্রাহকের জন্য আরো সহজলভ্য করা সম্ভব। অগ্রণী ব্যাংকের সাথে বিকাশের এই যৌথ পথ চলা কার্যকর আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে এক শুভ সূচনা।”
অনুষ্ঠানে জানানো হয়, মহামারীর এই সময়ে নিরাপদ দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে গ্রাহক ব্যাংকে না এসে দিনরাত এই সেবার আওতায় বিকাশ অ্যাপে কয়েকটি ধাপে খুব সহজেই অগ্রণী ব্যাংক এর গ্রাহক তথ্য সংযুক্ত করে প্রয়োজন অনুসারে লেনদেন করতে পারবেন এবং ৫০০ টাকার অধিক লেনদেন হলে ১০০ টাকার ক্যাশ ব্যাক পাবেন।
অ্যাড মানি’র মাধ্যমে অগ্রণী ব্যাংক একাউন্ট থেকে বিকাশে টাকা এনে গ্রাহক প্রয়োজন মতো বিদ্যুত বিলসহ অন্যান্য ইউটিলিটি বিল দেয়া, বিভিন্ন ধরনের পেমেন্ট করা, মোবাইল রিচার্জ করা, টিকিট ক্রয়, কাউকে টাকা পাঠানো বা ক্যাশ আউট করা সহ সকল বিকাশ সেবা মুহূর্তেই নিতে পারবেন।
আবার ডিপিএস বা ঋণের কিস্তি জমা দেওয়া, প্রয়োজনে ব্যাংকে না গিয়ে একাউন্টে টাকা জমা দেওয়াসহ আরও নানান সেবা ট্রান্সফার মানির মাধ্যমে গ্রাহক ঘরে বসেই নিতে পারবেন।
বিকাশের মাধ্যমে ছোট অংকের এসব লেনদেন সুবিধা ব্যাংকের শাখাগুলোর ওপর চাপ কমিয়ে দেবে এবং বিশেষায়িত সেবার জন্য সেখানে আসা গ্রাহকদের প্রতি বাড়তি মনোযোগ দেয়ার সুযোগ তৈরি করবে বলে জানায় বিকাশ।
অন্যদিকে, ব্যাংকিং সময়সীমার মধ্যে নির্ধারিত শাখায় গিয়ে লেনদেনের বাধ্যবাধকতা না থাকায় গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী যে কোন স্থান থেকে দিনে-রাতে ২৪ ঘন্টা লেনদেনের স্বাধীনতা ও সক্ষমতা অর্জন করবেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ যুক্ত ছিলেন।
