২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোনের ২৯ কোটি টাকা

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ২৯ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার ৯৪১ টাকা দিয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2020, 10:40 PM

Updated : 18 Aug 2022, 03:31 PM

অপারেটরটি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালামের হাতে গ্রামীণফোনের প্রধান মানব সম্পদ কর্মকর্তা (সিএইচআরও) সৈয়দ তানভীর হুসাইনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল এ তহবিল হস্তান্তর করেন ।

গ্রামীণফোন তাদের লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে নিয়মিতভাবে দিয়ে আসছে। এ তহবিলে সর্বোচ্চ জমাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোন এখন পর্যন্ত ১৫১ কোটি ৬০ লাখ ৭৯ হাজার ৯৬০ টাকা জমা দিয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম বলেন, করোনাভাইরাস দুর্যোগকালীন সময়ে এবছর প্রায় দুই হাজার শ্রমিককে এ তহবিল থেকে প্রায় সোয়া ছয় কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে।

গ্রামীণফোনের সিএইচআরও সৈয়দ তানভীর হুসাইন বলেন, “চলমান কোভিড-১৯ সঙ্কটকালীন পরিস্থিতিতে আমাদের আর্থ-সামাজিক ক্ষেত্রে অনেক পরিবর্তন সাধিত হয়েছে। এ প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায়, বিভিন্ন খাতের প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে জনগণের পাশে দাঁড়াতে হবে। প্রতিকূল সময়ে এ সহায়তা নিঃসন্দেহে দুর্দশাগ্রস্ত শ্রমিকদের সহায়তা করবে।”

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো বছর শেষে তাদের লাভের পাঁচ শতাংশের এক দশমাংশ এ তহবিলে জমা দেয়।

এখন পর্যন্ত গ্রামীনফোন সহ ১৬৫টি কোম্পানি তাদের লাভের নির্দিষ্ট অংশ এ তহবিলে জমা দিয়েছে, যা প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়।