কোভিড-১৯: সাপ্লাই চেইনের সুরক্ষা নিশ্চিত করছে স্পাইসজেট
কোভিড-১৯ মহামারীতে ভারতীয় সাপ্লাই চেইনের সুরক্ষা নিশ্চিত করছে স্পাইসজেট।
করোনাভাইরাসের বিরুদ্ধে চলমান লড়াইয়ে সক্রিয়ভাবে অংশ নিতে স্পাইসজেট ইতোমধ্যেই নিজেদের পাঁচটি মালবাহী বিমানের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সরকার, চিকিৎসা ও ফার্মা সংস্থা, আন্তর্জাতিক খুচরা বিক্রেতা এবং কৃষকদের জন্য বর্তমানে ওষুধ, চিকিৎসা যন্ত্র, ঠাণ্ডাজনিত রোগের জরুরী ওষুধ এবং খামারে উৎপন্ন দ্রব্যাদি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, তিন সপ্তাহ আগে ভারতে লকডাউন চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৪৩০টি ফ্লাইটের মাধ্যমে প্রায় ৪ হাজার টন জরুরি পণ্য বহন করেছে এয়ারলাইন্সটি। যা ভারতীয় বিমানবাহিনীর বহন করা মোট পণ্যের ৭০ শতাংশেরও বেশি।
বৈশ্বিক মহামারির এই ক্রান্তিকালীন সময়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইন স্পাইসজেট আকাশপথে সাংহাই, হংকং, সিংগাপুর, শ্রীলংকা, কুয়েত, আবু ধাবি, হো চি মিন সিটি, কলম্বো, দুবাই এবং অন্যান্য স্থানে জরুরী চিকিৎসা সরবরাহ গ্রহণ করতে ও পৌঁছে দিতে সাহায্য করছে।
বি৭৩৭ এবং কিউ৪০০ এর মতো নিজেদের যাত্রীবাহী বিমানগুলোকে মালবাহী বিমানে রূপান্তরিত করে বর্তমান সময়ে জরুরি পরিস্থিতিতে নিজেদের কার্যক্ষমতা অনেকগুণ বাড়িয়ে তুলেছে এয়ারলাইনটি। এমজিএইচ, স্পাইজেটের গ্লোবাল কার্গো জিসিএ হিসেবে এ ব্যাপারে এয়ারলাইনটিকে সর্বোচ্চ সহযোগিতা করে চলেছে। হ্যানয় এবং ব্যাংককে এয়ারলাইনটির জরুরী মালবহনের কার্যক্রমকে বাড়িয়ে তোলার পাশাপাশি সিংগাপুর থেকে চেন্নাই ও ব্যাঙ্গালুরুতে গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্র পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও স্পাইসসজেটের পাশে থেকেছে এমজিএইচ।
বিশ্বজুড়ে জরুরি পণ্য এবং চিকিৎসা সহায়তার ক্রমবর্ধমান চাহিদাকে লক্ষ্য করে এমজিএইচের সাথে একজোট হয়ে স্পাইসজেট মালবহনের কার্যক্রম বাড়ানোর এবং বিমানের যাত্রাপথকে বিশ্বব্যাপী আরও বেশি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
২০১৮ সালের সেপ্টেম্বরে স্পাইসজেটের নিবেদিত কার্গো আর্ম হিসেবে যাত্রা শুরু করে স্পাইসএক্সপ্রেস বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক যাত্রাপথে কাজ করছে।
