অবরোধের অজুহাতে দাম বাড়ল সবজির
এ বছর শীত মওসুমের শুরুতে শাক-সবজির দাম ছিল তুলনামূলক বেশি; বুধবার একদিনের শ্রমিক অবরোধের প্রভাবে খুচরা বাজারে অধিকাংশ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
পাইকারি বিক্রেতারা বলছেন, অবরোধের কারণে বুধবার মধ্যরাতে অন্য সময়ের তুলনায় সবজিবাহী ট্রাক কম এসেছে।
বৃহস্পতিবার বিকালে মহাখালী কাঁচাবাজারের বিক্রেতা গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম দিনের অবরোধে প্রভাব না পড়লেও দ্বিতীয় দিন সব ধরনের সবজির দাম বেড়ে গেছে। পাইকারিতে দাম বাড়ায় খুচরায় সবজির দাম কেজিতে ১০ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
নিজের দোকানের দাম উল্লেখ করে তিনি বলেন, কাঁচা মরিচ প্রতিকেজি ৬০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা হয়েছে। এছাড়া মুলার দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৫০ টাকা, বেগুন প্রতিকেজি ৫০ টাকা থেকে ৬০ টাকা (দাম অপরিবর্তিত), শিমের দাম ১০ টাকা বেড়ে ৭০ টাকায়, ঢেঁড়শ ৬০ টাকা, ফুলকপির দাম ১৫ টাকা বেড়ে ৬০ টাকায়, চিচিঙ্গার দাম ১৫ টাকা বেড়ে ৮০ টাকায়, শালগমের দাম ১০ টাকা বেড়ে ৫০ টাকা, পেপেঁর দাম ৫ টাকা বেড়ে ৩০ টাকায় বিক্রি হয়েছে।
বাড্ডায় লেকপাড়ের কাঁচাবাজারে বিক্রেতা মোরশেদের দাবি, গতকালের চেয়ে বৃহস্পতিবার সবজির দাম অনেক বেশি। মুলা, বরবটি, ফুলকপিসহ বেশ কয়েকটি সবজির দাম কেজিতে ২০ টাকা করে দাম বেড়েছে।
তার দোকানে ফুলকপি ৭০ টাকা, ঢেঁড়শ প্রতিকেজি ৬০ টাকা, পটল ৬০ টাকা, কচুমুখী ৭০ টাকা, বরবটি ৭০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, মুলা ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকায় বিক্রি হচ্ছিল।
এই দোকানে ফুলকপির দাম শুনে এক ক্রেতা বলে উঠেন, “বাপ রে বাপ। দাম এত বেশি হলে খাব কী?”
এই কথা বলেই সবজি না কিনে তাকে অন্য দোকানের দিকে চলে যেতে দেখা যায়।
বাজারে এখন সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শসা। হাইব্রিড জাতের শসা রাজধানীর বাজারভেদে প্রতিকেজি ৮০ টাকা থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি জাতের শসার দেখাই মিলছে না।
শসার দাম বৃদ্ধির সুনির্দিষ্ট কারণ জানাতে পারছেন না বিক্রেতারা। তবে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কম রয়েছে বলে অনেক বিক্রেতার দাবি।
খুচরা বিক্রেতারা অবরোধের কারণে সবজির দাম বেড়েছে বলে দাবি করলেও আড়ৎদাররা বলছেন অবরোধের কারণে কারওয়ান বাজারের পাইকারি হাটে মাত্র কয়েক ঘণ্টার জন্য সবজির দাম বেশি ছিল। তবে এক পর্যায়ে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম অন্য সময়ের চেয়েও কমে গেছে।
অবশ্য বুধবার সকালে পণ্যপরিবাহী ট্রাক শ্রমিকদের আহ্বানের খবর শুনে আগের রাতেই ঢাকার বাজারগুলোতে তুলনামুলক বেশি সবজি নিয়ে আসেন ব্যাপারীরা। সেই সবজি সব বিক্রি না করে বেশি দাম পাওয়ার আশায় বাজারের আড়ৎগুলোতে স্তূপ করে রাখতে দেখা যায়।
পাইকারি বিক্রেতারা আবু হানিফ ব্যাপারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবরোধের বাধার কারণে মধ্যরাতে ট্রাক এসেছে কম। তবে সকালের দিকে প্রচুর সবজিবাহী ট্রাক ঢাকায় ঢুকেছে। রাতে কয়েক ঘণ্টার জন্য সবজির দাম বেশি থাকলেও ভোররাতের দিকে দাম কমে আসে।”
উদাহরণ দিয়ে তিনি বলেন, মধ্যরাতে শিমের পাইকারি দাম ছিল প্রতিকেজি ৪৭ টাকা থেকে ৫০ টাকার মধ্যে, ভোররাতে দাম কমে হয় ৪০ টাকা, কাঁচামরিচ মধ্যরাতে ছিল প্রতিকেজি ৩০/৩৫ টাকা, ভোরে দাম হয় ২৫ টাকা, মুলা প্রতিকেজি ৪০ টাকা থেকে কমে সকালের দিকে ৩০ টাকায় নামে, রাতে উচ্ছের দাম ছিল ৬০ টাকা, সকালে হয় প্রতিকেজি ৪০ টাকা।
কারওয়ান বাজারসহ রাজধানী কেন্দ্রিক সবজিপণ্যের পাইকরি আড়ৎগুলোতে মধ্যরাত থেকে সবজির কেনাবেচা শুরু হয়; চলতে থাকে সকাল পর্যন্ত। সাধারণত পাড়া মহল্লার বাজারগুলোতে পাইকারির তুলনায় দামের পার্থক্য হয় কেজিতে ১০ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত।
