জিবিএক্স লজিস্টিকসের আয়করের সব নথি হাই কোর্টে তলব
হাপাগ-লয়েডসহ সমুদ্রপথে পণ্য পরিবহনকারী আন্তর্জাতিক কয়েকটি প্রতিষ্ঠানের দেশীয় এজেন্ট জিবিএক্স লজিস্টিকস লিমিটেডের আয়কর সংক্রান্ত সব নথি তলব করেছে হাই কোর্ট।
আগামী ১৪ অক্টোবরের মধ্যে এ সংক্রান্ত নথি আদালতে দাখিল করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দিয়েছে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ।
একটি রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার উচ্চ আদালতের এই আদেশ আসে।
রিট আবেদনটি করেন আইনজীবী মনজুর নাহিদ। ‘৫৬ কোটি টাকার আয়কর দাবি পড়ে আছে এনবিআরে’ এই শিরোনামে দৈনিক ইত্তেফাকে গত ৫ অগাস্ট প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে আবেদনটি করা হয়।
আবেদনকারীর কৌঁসুলি অনীক আর হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইনকাম ট্যাক্স সংক্রান্ত জিবিএক্সের যত ফাইল আছে, সে ফাইলগুলো কোর্টের সামনে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৪ অক্টোবরের মধ্যে এসব নথি দিতে বলা হয়েছে।”
ফ্রেইট ফরওয়ার্ডিং কোম্পানি জিবিএক্স লজিস্টিকস প্রায় ৫৬ কোটি টাকা কর ফাঁকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়, কোম্পানিটি ২০১৫-১৬ অর্থবছরে যে আয়কর বিবরণি এনবিআরে জমা দিয়েছিল, তাতে আয় দেখিয়েছিল ১২ কোটি ১২ লাখ টাকা। সে অনুযায়ী ৬১ লাখ টাকার বেশি করও জমা দিয়েছিল তারা। কিন্তু এনবিআরের তদন্তে বেরিয়ে আসে, ওই বছরে কোম্পানিটি আয় করেছে ৩৬৬ কোটি ৬ লাখ ৪৩ হাজার টাকা। এ হিসেবে কোম্পানিটির মোট আয়করের পরিমাণ দাঁড়ায় ৫৬ কোটি ৪৩ লাখ ৮০ হাজার টাকা।
জিবিএক্স লজিস্টিক বিভিন্ন আমদানি ও রপ্তানিকারকদের মালামাল বিদেশে পাঠানোর জন্য জাহাজ এবং এয়ারলাইন্সের কার্গো স্পেস বুকিং করে থাকে। এ বিপরীতে তারা সংশ্লিষ্ট আমদানি ও রপ্তানিকারকের কাছ থেকে কমিশন পেয়ে থাকে।
২০১৫-১৬ অর্থবছরে কোম্পানিটি ওরিয়েন্ট এক্সপ্রেস লাইন এবং হাপাগ-লয়েড থেকে যে কমিশন পাওয়ার তথ্য দেখায়, তা নিয়ে সন্দেহের পর এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল তদন্ত করে বিভিন্ন ব্যাংকে কোম্পানিটির মোট ছয়টি একাউন্টের সন্ধান পায়। তারা দেখতে পায়, ওই সময়ে কোম্পানিটির একাউন্টগুলোতে কমিশন বাবদ মোট জমা হয়েছে ১৬১ কোটি ২৫ লাখ ১৬ হাজার ৮৬৯ টাকা।
ফাইল ছবি
তদন্তে এমন তথ্য পেয়ে এনবিআর ২০১৮ সালের ৭ অগাস্ট জিবিএক্স লজিস্টিকসকে নোটিস দেয়। তখন ওই বছরের ২৬ সেপ্টেম্বর করদাতা কোম্পানির প্রতিনিধি হিসেবে ইমামুল হোসেন তালুকদার হাজির হয়ে তিন সময়ের আবেদন করেন।
তখন ওই কোম্পানিকে তিন মাস সময়ে দিয়ে ২০১৮ সালের ২৬ ডিসেম্বর শুনানির দিন ধার্য করা হলেও ওই দিনে কেউ হাজির হননি। এরপর থেকে বারবার চিঠি দেওয়া হলেও কোম্পানির পক্ষ থেকে সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন এনবিআরের একজন কর্মকর্তা।
জিবিএক্স লজিস্টিকসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ব্যবসার কোনো একজন প্রতিদ্বন্দী রাজস্ব বোর্ডে জনৈক এক উকিলের মাধ্যমে একটা চিঠি দিয়ে আমার কোম্পানি কর ফাঁকি দিচ্ছে বলে মিথ্যা অভিযোগ আনে।”
তিনি বলেন, “২০১৫-১৬ অর্থবছরে আমার কোম্পানির আয়কর প্রদানের হিসাবে ২১ কোটি ৪০ লাখ টাকা দুইবার হিসাব হওয়ার কারণে ৫৬ কোটি টাকা বলেছে। আমরা এ বিষয়ে আপিল করেছি।”
এনবিআরের কর সার্কেল ৩৫ (কোম্পানিজ) এর বর্তমান উপ কর কমিশনার সোনালী বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন আপিল বিভাগে যে সিদ্ধান্ত দেয়, তার উপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন তারা।
এর আগে গত বছর জিবিএক্স লজিস্টিকস ও হাপাগ-লয়েডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ড, দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ব্যাংকে দুবার উকিল নোটিস দেওয়ার পর জবাব না পেয়ে ফেব্রুয়ারিতে হাই কোর্টে রিট আবেদন করেছিলেন আরেক আইনজীবী মতিউর রহমান।
ওই আবেদনে আদালতে শুনানিতে ছিলেন আজমালুল হোসেন কিউসি; তার সঙ্গে ছিলেন আইনজীবী শাহীন খান।
শাহীন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, জিবিএক্স লজিস্টিকস ২০১৪ সালে হাপাগ-লয়েডের মালামাল সরবরাহ করে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত (আমদানি সরবরাহ ২ শতাংশ, রপ্তানি সরবরাহ ২.৫-৫ শতাংশ) কমিশন অনুযায়ী বিপুল পরিমাণ টাকা আয় করে।
“কিন্তু তারা জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত ৩৭.৫ শতাংশ আয়কর না দিয়ে ৫ শতাংশ উৎসে কর দিয়ে কর ফাঁকি দিয়েছে। একই সঙ্গে অপ্রদর্শিত আয় পাচার করেছে তারা।”
তিনি আরও বলেছিলেন, ২০১২ সালে হাপাগ-লয়েডের এজেন্ট ছিল এসডব্লিউ শিপিং কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। সে বছর তারা কন্টেইনার সরবরাহ করে কমিশন হিসেবে সাত কোটি ৮১ লাখ টাকা আয় করে।
“অথচ জিবিএক্স লজিস্টিকস লিমিটেড ২০১৪ সালে তাদের অর্থনৈতিক নিরীক্ষায় দেখিয়েছে, এসডব্লিউ শিপিং কোম্পানির চেয়ে দ্বিগুণ কন্টেইনার সরবরাহ করে আয় করেছে মাত্র পাঁচ কোটি টাকা।
হাপাগ-লয়েড ছাড়াও ওই বছর সিঙ্গাপুরের ওইএল ও বিএলপিএল’র এজেন্ট হিসেবে কাজ করে ৮ কোটি ১২ লাখ ৪০১ টাকা আয় হয় বলে প্রতিবেদনে উল্লেখ করে জিবিএক্স। সে হিসাবে ২০১৪ সালে কোম্পানিটির প্রদর্শিত মোট আয় ১২ কোটি ১২ লাখ ৪০১ টাকা।”
ওই রিট আবেদনটি এখন নিষ্পত্তি হয়নি।
