৬ বছরের জন্য বন্দরের সিসিটির দায়িত্বে সাইফ পাওয়ারটেক
চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনায় ৬ বছরের জন্য নিয়োগ পেয়েছে 'সাইফ পাওয়ারটেক লিমিটেড'।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বেসরকারি প্রতিষ্ঠানটিকে কাজ দেওয়ার প্রস্তাব অনুমোদন দেয়। তবে ‘ঝুঁকি বিবেচনায়’ বিকল্প ভেবে দেখার বিষয়েও সভায় আলোচনা হয়।
সভা শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, “এ প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে। তবে আরও সোর্স খুঁজে বের করা কিংবা সরকার নিজেই এ কাজটি করতে পারে কি না, সেটা খতিয়ে দেখতে বলা হয়েছে। কারণ একটি মাত্র সোর্স থেকে সেবা গ্রহণ করায় অনেক সময় ঝুঁকি থাকে।”
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) চারটি জেটি (এর মধ্যে দুটিতে অংশীদার) এবং সিসিটি ও ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি) পরিচালনা করে সাইফ পাওয়ার টেক।
অর্থমন্ত্রী জানান, সিসিটিতে অপারেটর নিয়োগের জন্য দরপত্র আহ্বান করা হলে চারটি প্রতিষ্ঠান দরপত্র কিনলেও একটি প্রতিষ্ঠানই কেবল তা দাখিল করে। টিইসি কর্তৃক মূল্যায়িত ও সুপারিশকৃত সাবলিমেন্টারি রেসপনসিভ হিসেবে সাইফ পাওয়ারটেক লিমিটেডকে ৬ বৎসরের জন্য টার্মিনাল অপারেট নিয়োগের কাজ সর্বসম্মতিক্রমে দেওয়া হয়।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১৫ সালের অক্টোবর থেকে। এনসিটি’র পাঁচটি জেটির মধ্যে দুই, তিন, চার ও পাঁচ নম্বর জেটি পরিচালনা করে সাইফ পাওয়ারটেক।
এনসিটি’র চার ও পাঁচ নম্বর জেটি পরিচালনা কাজে সাইফ পাওয়ারের অংশীদার চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছিরের মালিকানাধীন এমএইচ চৌধুরী লিমিটেড এবং নোয়াখালীর আওয়ামী লীগ সংসদ সদস্য একরামুল করিমের মালিকানাধীন এ অ্যান্ড জে ট্রেডার্স।
এনসিটির এক নম্বর জেটিটি শুধু পানগাঁও কন্টেইনার টার্মিনালে নৌ পথে কন্টেইনার পরিবহনের কাজে ব্যবহার করা হয়।
বেসরকারি বার্থ অপারেটর সাইফ পাওয়ারটেক চট্টগ্রাম বন্দরের আইসিডিও (ইনল্যান্ড কন্টেইনার ডিপো) পরিচালনা করে।
২০০৬ সালে বিনা দরপত্রে ওই কাজ ‘পাইয়ে দেওয়ার’ অভিযোগে ‘বন্দর রক্ষা পরিষদের’ ব্যানারে সাইফ পাওয়ারটেকের বিরুদ্ধে আন্দোলন করেন নগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
সাইফ পাওয়ার টেকের ‘অনিয়ম-দুর্নীতি’ তদন্তের দাবিতে ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর চট্টগ্রামের লালদীঘি মাঠে সমাবেশও করেন তিনি।
সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী মুস্তফা কামালের সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটির সভা হয়।
তিনি বলেন, সভায় ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাব দুটিতে মোট ব্যয় হবে ৩৪২ কোটি ৪৬ লাখ ৫২ হাজার ৬১৯ টাকা।
অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের চিটাগাং কন্টেইনার টার্মিনাল (সিসিটি) এলাকায় কন্টেইনার ও কন্টেইনারজাত কার্গো হ্যান্ডলিং কাজটি জটিল প্রকৃতির বিধায় পিপিআর ২০০৮ অনুসরণ পূর্বক ‘সিঙ্গেল স্টেজ টু ইনভেলাপ’ পদ্ধতিতে ৬ বৎসরের জন্য টার্মিনাল অপেরেটর নিয়োগের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩০৩ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার ৬৪০ টাকা। প্রস্তাবটি বাস্তবায়ন করবে নৌপরিবহন মন্ত্রণালয়।
সভায় অনুমোদিত অপর প্রস্তাবটি হলো ঢাকা মহানগরীর পানি সরবরাহ ব্যবস্থার দীর্ঘ মেয়াদী উন্নয়নের লক্ষ্যে ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ এর আওতায় কনসালটেনসি সার্ভিস ফর কেপাসিটি বিল্ডিং ফর সাসটিনেবিলিটি (সিববএস) কাজের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ।
অর্থমন্ত্রী বলেন, ২৩টি প্রতিষ্ঠান প্রস্তাব দাখিল করে। প্রস্তাব মূল্যায়ন কমিটি কর্তৃক ‘শর্ট লিস্টেড’ ৫টি ফার্মের প্রস্তাবের মধ্য হতে প্রথম স্থান অধিকারী জয়েন্ট ভেনচার অব এনজেএস কনসালটেন্ডস কোম্পানি লিমিটেড এন্ড একোয়া কনসালটেন্ডস এন্ড এসোসিয়েট লিমিটলেড ইন এ্যাসোশিয়েশন ইউথ ম্যাক্সওয়েল স্টেমপ লিমিটেডকে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে ৩৮ কোটি ৪৭ লাখ ১৬ হাজার ৯৭৯ টাকা ব্যয় হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার বিভাগ।
