২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুধ বিক্রিতে আড়ংসহ অন্যদের নিষেধাজ্ঞাও কাটল

মিল্ক ভিটা, প্রাণ, ফার্মফ্রেশের পর আড়ংসহ বাকি ১১টি ব্র্যান্ডের পাস্তুরিত দুধ উৎপাদন-বিক্রির নিষেধাজ্ঞাও স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2019, 08:48 PM

Updated : 18 Aug 2022, 05:35 PM

বুধবার আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানের চেম্বার আদালত ১১টি ব্রান্ডের ক্ষেত্রে হাই কোর্টের আদেশটি পাঁচ সপ্তাহের জন্য স্থগিত করেন।

গত সোমবার রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ মিল্ক প্রডিউসারস কো অপারেটিভ ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) ক্ষেত্রে হাই কোর্টের আদেশটি ৮ সপ্তাহের জন্য স্থগিতের পর মঙ্গলবার প্রাণ ডেইরি লিমিটেডের প্রাণ মিল্ক ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ফার্মফ্রেশ মিল্কের ক্ষেত্রে হাই কোর্টের অদেশটি পাঁচ সপ্তাহের জন্য স্থগিত হয়।

চেম্বার আদালতের বুধবারের আদেশের ফলে বিএসটিআই অনুমোদিত ১৪টি ব্যান্ডের পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণনে আইনগত কোনো বাধা থাকছে না, বলছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এক রিট আবেদনে হাই কোর্ট গত ১৪ জুলাই বাজারে থাকা বিএসটিআই অনুমোদিত সব কোম্পানির পাস্তুরিত দুধ পরীক্ষার নির্দেশ দেয়। সেই প্রতিবেদন গত রোববার হাই কোর্টে উপস্থাপন করা হয়।

সেখানে দেখা যায়, ১৪ কোম্পানির দুধের সবগুলোতেই এন্টিবায়োটিকের উপস্থিতি রয়েছে। আর ১০টি কোম্পানির দুধে গ্রহণযোগ্য মাত্রার বেশি সীসার উপস্থিতি পাওয়া গেছে।

ওই প্রতিবেদন পাওয়ার পর বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ রুলসহ আদেশ দেয়।

বিএসটিআইয়ের অনুমোদিত ১৪ কোম্পানির সবগুলোকেই ৫ সপ্তাহ পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণন বন্ধ রাখতে বলা হয় ওই আদেশে। সেই সঙ্গে জনসাধারণকে পাস্তুরিত দুধ কেনা ও খাওয়ায় ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

এন্টিবায়োটিক, সীসাসহ ক্ষতিকারক উপাদান থাকায় বিএসটিআই অনুমোদিত ওই ১৪ কোম্পানির পাস্তুরিত দুধের উৎপাদন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার পরিপন্থি ঘোষণা করা হবে না এবং এসব দুধ পরিশুদ্ধ করে বাজারজাত করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় হাই কোর্টের রুলে।

১৪ কোম্পানির দুধ

# আফতাব মিল্ক অ্যন্ড মিল্ক প্রডাক্ট লিমিটেডের আফতাব

# আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ফার্মফ্রেশ মিল্ক

# আমেরিকান ডেইরি লিমিটেডের মো

# বাংলাদেশ মিল্ক প্রডিউসারস কো অপারেটিভ ইউনিয়ন লিমিটেডের মিল্ক ভিটা

# বারো আউলিয়া ডেইরি মিল্ক অ্যন্ড ফুডস লিমিটেডের ডেইরি ফ্রেশ

# ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেন্টের আড়ং ডেইরি

# ড্যানিশ ডেইরি ফার্ম লিমিটেডের আয়রান

# ইছামতি ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টের পিউরা

# ইগলু ডেইরি লিমিটেডের ইগলু

# প্রাণ ডেইরি লিমিটেডের প্রাণ মিল্ক

# উত্তরবঙ্গ ডেইরির মিল্ক ফ্রেশ

# শিলাইদহ ডেইরির আল্ট্রা

# পূর্ব বাংলা ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজের আরওয়া

# তানিয়া ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস সেইফ

বাংলাদেশে পাস্তুরিত দুধ উৎপাদনকারী এই ১৪ কোম্পানিই পর্যায়ক্রমে হাই কোর্টের আদেশ স্থগিতের জন্য চেম্বার আদালতে আবেদন করলে গত তিন দিনে সবারই নিষেধাজ্ঞা আপাতত কেটে গেল।

মাহবুবে আলম ১৪টি ব্র্যান্ডের আইনজীবী হিসেবে চেম্বার আদালতে শুনানি করেন।

আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, এর ফলে দুধ উৎপাদন, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে আর কোনো বাধা রইল না।

কী যুক্তিতে চেম্বার আদালত হাই কোর্টের আদেশটি স্থগিত করেছে- জানতে চাইলে মাহবুবে আলম বলেন, “দুধে নিশ্চয়ই বাইরে থেকে কোনো রকম সীসা বা অ্যান্টিবায়োটিক মেশানো হয় না। গরুর চিকিৎসা করার সময় অ্যান্টিবায়োটিক আসতে পারে। আমাদের দেশে আগে ক্ষুরা রোগে বহু গরু মারা যেত, এখন কোনো গরু আর মারা যায় না। গরুর চিকিৎসা, গরুর যত্ন এখন ভালোভাবে নেওয়া হয়।

“প্রতি উপজেলায় চিকিৎসক নিয়োগ করা আছে। প্রয়োজনবোধে যখন গরুকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় বা ইনজেকশন দেওয়া হয়, সেভাবে দুধে অ্যান্টিবায়োটিক আসতে পারে।”

তিনি বলেন, “এক্ষেত্রে যদি দুধ উৎপাদনটাই বন্ধ করে দেওয়া, নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের কৃষককূল, যারা দুধ উৎপাদন ও বিক্রি করে সংসার চলে, তাদের একেবারে সর্বনাশ হয়ে যাবে।

“তাছাড়া দেখতে হবে এগুলো (অ্যান্টিবায়োটিক, সীসা) সহনীয় মাত্রায় আছে কি না? এ বিষয়গুলো ভালোভাবে না দেখে এরকমভাবে যদি এটা (হাই কোর্টের আদেশ) বহাল থাকত, তাহলে আমদের দুগ্ধ ও দুগ্ধজাত শিল্প মুখ থুবড়ে পড়ত।”

এক্ষেত্রে জনস্বাস্থ্যের বিষয়টি কীভাবে দেখছেন- প্রশ্নে মাহবুবে আলম বলেন, “জনস্বাস্থ্যের বিষয়ে আমাদের জনসচেতনতা বাড়াতে হবে। সীসা কিভাবে যায়, সেটা চিহ্নিত করতে হবে। তাছাড়া গরুকে যখন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, তখন যেন তার দুধটা বিপণন না করা হয়, সেটা খেয়াল রাখতে হবে। পশু চিকিৎসক যারা আছেন, তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে হবে।”

মৎস্য ও পশুখাদ্য আইনে মৎস্যখাদ্য ও পশুখাদ্যে অ্যান্টিবায়োটিক, গ্রোথ হরমোন, কীটনাশক, ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল বলেন, “আমাদের যে ডেইরি শিল্প গড়ে উঠছে, সেটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। ভারত, ডেনমার্কসহ পৃথিবীর বিভিন্ন দেশে এ শিল্প খুবই প্রসার লাভ করেছে। এখন যদি এটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে দেশ সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়বে আমদানি করা গুঁড়ো দুধের উপরে। আমার বক্তব্য হল, এক দিনের জন্যও দুধ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিপণন বন্ধ থাকতে পারে না।”

পুরনো খবর:

পাস্তুরিত দুধের উৎপাদন-বিক্রিতে ৫ সপ্তাহের নিষেধাজ্ঞা
দুধ বিক্রি করতে না পেরে রাস্তায় ঢেলে প্রতিবাদ