২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় ফল দ্বিগুণ দামি

রোজায় সবজিসহ অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামে তেমন হেরফের না হলেও চড়েছে ফলের দাম, কোনো কোনো ফলের দাম দ্বিগুণ হয়েছে কয়েক দিনের ব্যবধানে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2019, 08:36 PM

Updated : 10 Oct 2022, 09:08 PM

তীব্র গরমে রোজায় ফলের চাহিদা বাড়ায় এর দাম বেড়েছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। তবে কয়েক দিনের মধ্যে এত বেশি দাম বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।

শুক্রবার ঢাকার বিভিন্ন এলাকা ফলের দোকানে আপেল, আঙ্গুর, নাশপাতি, মাল্টা, আনারস, পেয়ারা বাড়তি দামে বিক্রি হতে দেখা যায়। বেড়েছে কলার দামও, কোথাও কোথাও কলা পাওয়া যাচ্ছে না দাবি করে অনেক বেশি দাম হাঁকছেন বিক্রেতারা।

যাত্রাবাড়ী এলাকার একটি দোকান থেকে ৩৫০ টাকা কেজি দরে নাশপাতি কিনেছেন আব্দুল মমীন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১০ থেকে ১৫ দিন আগে এই নাশপাতি বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৭০ টাকায়।

এদিন মহাখালী, বাংলামোটর, মগবাজার, মিরপুরসহ বিভিন্ন এলাকায় মাল্টা বিক্রি হয় ১৬০ থেকে ১৭০ টাকা কেজি দরে।

তবে জনপ্রিয় সুপারশপ মীনা বাজারের মগবাজার শাখায় মাল্টার কেজি রাখা হচ্ছে ২০০ টাকা। যদিও সপ্তাহ দুয়েক আগে যখন বাজারে ১২০-১৩০ টাকা কেজি মাল্টা বিক্রি হয়েছিল, তখন ছাড় দিয়ে কেজি ৯৯ টাকায় দিয়েছিল তারা।

Image
পুরানা পল্টনের একটি দোকানে নানা রকম বিদেশি ফল। ছবি: মোস্তাফিজুর রহমান

পুরানা পল্টনের একটি দোকানে নানা রকম বিদেশি ফল। ছবি: মোস্তাফিজুর রহমান

কেজিতে ৫০ টাকার বেশি বেড়েছে আপেলের দাম। সপ্তাহ দুয়েক আগে যে আপেল ১৬০ টাকা কেজিতে কিনেছেন, সেটি এদিন কিনতে ২২০ টাকা গুণতে হয়েছে বলে মেরুল বাড্ডার এক বাসিন্দা জানিয়েছেন।

কলার দামেও হয়েছে বড় ধরনের উলম্ফন। সবরি কলার হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, আর ছোট চাঁপা কলার হালিতে রাখা হচ্ছে ২৫ টাকা, যেখানে রোজার আগে এসব কলা অর্ধেক দামেই পাওয়া গেছে।

শুক্রবার ছোট আকারের আনারস প্রতিটি কিনতে লেগেছে ৪০ টাকা করে, যেখানে বছরের বেশিরভাগ সময়ই তা ২০-২৫ টাকায় পাওয়া যায়।

এবার অল্প কয়েকদিনের জন্য কম টাকায় বিক্রি হওয়া তরমুজ এখন বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। তিন কেজির একটু বেশি একটা তরমুজ কিনতে গুণতে হয়েছে ৩৪০ টাকা।

আঙ্গুরের দামও অনেক বেশি; ছোট আঙ্গুরের কেজি ২৪০ থেকে ২৫০ টাকা, আর বড় লাল আঙ্গুর কেজিতে রাখা হচ্ছে ৪৫০-৪৬০ টাকা।

পেয়ারা বিক্রি হচ্ছে কেজি ৮০ থেকে ১০০ টাকায়। রোজায় ইফতারের অন্যতম অনুসঙ্গ খেজুরের প্রকার ভেদে রয়েছে দামের ভিন্নতা।

সবজি বাজারে রোজায় সবচেয়ে বেশি বেড়েছে বেগুনের দাম। ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেগুনের কেজি রাখা হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। কোথাও কোথাও শসার দামও বেশি রাখা হচ্ছে।

কচুক্ষেত বাজারে শসা প্রকার ভেদে কেজি প্রতি ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত দাম হাঁকেন বিক্রেতরা। এছাড়া গাজর ৭০ টাকা, করলা ৬০ টাকা, ঢেঁড়শ ৫০ থেকে ৬০ টাকা, পটল ৫০ টাকা, টমেটো মানভেদে ৪০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হয়।

রায়েরবাজারে চিচিঙ্গা, ঝিঙ্গা ও করলা কেজি প্রতি ৬০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা এবং শসা ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়।

মিরপুরের কালসী বাজারে পটল, ঢেঁড়শ, কাঁকরোল, ধুন্দলের কেজি ৩০ থেকে ৪৫ টাকায় বিক্রি হয়। এছাড়া চিচিঙ্গা ৪০ থেকে ৫০ টাকা, ঝিঙে ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

Image
প্রথম রোজার দিন মঙ্গলবার ঢাকার পুরানা পল্টনে বিদেশি ফল কিনতে ক্রেতাদের ভিড়। ছবি: মোস্তাফিজুর রহমান

প্রথম রোজার দিন মঙ্গলবার ঢাকার পুরানা পল্টনে বিদেশি ফল কিনতে ক্রেতাদের ভিড়। ছবি: মোস্তাফিজুর রহমান

উত্তর বাড্ডা বাজারে ঢেঁড়শ ৬০, কাকরোল ৭০, বরবটি ৬০ টাকা, ধুন্দল ৫০ টাকা, শশা ৭০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

বাজার পরিস্থিতি নিয়ে বাড্ডার বাসিন্দা তায়েব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই দিকে পঞ্চাশ টাকার নিচে কোনো তরকারি নেই। এই অবস্থা গত মাসখানেক ধরে একই রকম আছে। শসা রোজার আগে ৪০ থেকে ৫০ টাকার মধ্যে পাওয়া যেত, বেড়েছে বেগুনের দামও।”

গত কয়েক দিনে মসুর ডালের দাম কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন কচুক্ষেতের রাজন এন্টারপ্রাইজের কর্মী মনসুর আলী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশি মসুর ডালের দাম কেজিতে দশ টাকা বেড়েছে। আমদানি করা বোল্ডার মসুর ডাল ৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।”

খুচরা বাজারে দেশি মসুর ডাল কেজি প্রতি ১০০ থেকে ১০৫ টাকা এবং মোটা দানার মসুর ডাল কেজি ৬৫-৭০ টাকায় বিক্রি হচ্ছে।

দাম কিছুটা বেড়েছে পেঁয়াজ ও রসুনের। দেশি পেঁয়াজ প্রতি কেজি ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে, আর আমদানি করা রসুনের দাম উঠেছে কেজি ১২০-১৩০ টাকায়। কয়েক দিন আগেও পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকা এবং রসুন ৮০-৯০ টাকা কেজি বিক্রি হয়েছে।

স্থিতিশীল আছে চালের বাজার। রাজধানীর বিভিন্ন বাজারে মানভেদে নাজিরশাইল চাল ৫০ কেজির বস্তা ২২০০ টাকা থেকে ২৯০০ টাকায় বিক্রি হয়। পাইজাম চালের বস্তা দেড় হাজার টাকা। মিনিকেট চাল দুই হাজার ৫০ টাকা থেকে দুই হাজার ৪৫০ টাকা বস্তা।

অন্যদিকে রোজায় কমেছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। বর্তমানে এক কেজি ব্রয়লার মুরগির মাংস বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। এটি রোজার আগে ১৬০ থেকে ১৭০ টাকার মধ্যে ছিল।

ফার্মের মুরগির ডিমের দামও ডজনপ্রতি ১০ থেকে ১৫ টাকা কমেছে। মহাখালী, বাড্ডা ও কচুক্ষেত বাজার ঘুরে দেখা গেছে, প্রতি ডজন ডিম ৯০-৯৫ টাকায় বিক্রি হচ্ছে।

রোজায় মাছের দামও কিছুটা বাড়তি। রায়েরবাজার বাজারে মাঝারি শিং মাছ কেজি প্রতি ৫০০ টাকা, মাঝারি আকারের রুই ৩০০ টাকা কেজি, চাষের কৈ মাছ কেজি ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা কেজি বিক্রি হতে দেখা যায়। চাষের চিংড়ি আকার ভেদে ৪৫০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নির্ধারিত দাম মানছেন না মাংস বিক্রেতারা

বেশ কিছু দিন ধরে  এক কেজি দেশি গরুর মাংসের দাম ছিল ৪৮০ থেকে ৫০০ টাকার মধ্যে। রোজার আগেই এই দাম বাড়িয়ে সাড়ে পাঁচশ থেকে ছয়শ টাকায় নিয়ে যান ব্যবসায়ীরা।

পরে ঢাকার দুই সিটি করপোরেশন দেশি গরুর মাংসের দাম কেজি প্রতি ৫২৫ টাকা নির্ধারণ করে দেয়। আর ‘বোল্ডার’ গরু ৫০০ টাকা এবং মহিষের মাংসের দাম ৪৮০ টাকা ধরে দেয় সিটি করপোরেশন।

Image
ছবি: ফয়সাল আতিক

ছবি: ফয়সাল আতিক

এই দামে মাংস বিক্রি করা হচ্ছে কি না তা তদারকিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। বাড়তি দাম রাখায় কয়েকজনকে জরিমানা করা হলেও এখনও অধিকাংশ বাজারেই সিটি করপোরেশন নির্ধারিত দামে মাংস পাওয়া যাচ্ছে না।

গরুর মাংসের নির্ধারিত দাম মানছে না বিক্রেতারা  

শুক্রবার কচুক্ষেত বাজারে গিয়ে গরুর মাংস কেজিপ্রতি ৫৫০ টাকা করে বিক্রি করতে দেখা গেছে। তবে সবগুলো দোকানের মূল্য তালিকায় গরুর মাংসের দাম ৫২৫ টাকাই লেখা আছে। একই অবস্থা দেখা গেছে মহাখালী কাঁচাবাজারেও।

সিটি করপোরেশন নির্ধারিত দামে গরুর মাংস বিক্রি না করার কারণ জানতে চাইলে কচুক্ষেত বাজারের আজাদ নামে একজন মাংস ব্যবসায়ী বলেন, তারা যে মানের মাংস বিক্রি করেন তাতে ৫২৫ টাকায় বিক্রি করা ‘সম্ভব না’।

“আমরা গরু কিন্নাই আনি বেশি দাম দিয়া। আর খাজনাও বেশি দেওয়া লাগে। ভালো গরুর মাংস দিতে চাইলে সাড়ে পাঁচশ টাকার কমে সম্ভব না।”

মহাখালী কাঁচাবাজারের মাংসের দোকানে গিয়ে দেখা গেছে, সেখানেও ৫২৫ টাকার মূল্য তালিকা টাঙিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। তবে মাংস কিনতে চাইলে একদাম ৫৫০ টাকাই দিতে হবে বলে কয়েকটি দোকানে কথা বলে জানা গেছে।

মাংসের দাম: মেয়রও বললেন ‘চাঁদাবাজির’ কথা  

মোসলেম নামে একজন মাংস ব্যবসায়ী বলেন, পহেলা বৈশাখের আগেই মাংসের দাম বেড়ে গেছে।

“পয়লা বৈশাখের আগে ৪৫০ থেকে ৪৮০ টাকার মধ্যে দাম ওঠানামা করত। পয়লা বৈশাখে সেইটা সাড়ে পাঁচশ টাকায় ঠেকে। এরপর দাম আর কমে নাই। সিটি করপোরেশন ঠিক কইরা দিলেও আমরা হেই দামে বিক্রি করতে পারি না। সাইনবোর্ড এমনিতেই লাগাইয়া রাখছি।”

উত্তরার কয়েকটি কাঁচাবাজার ঘুরে গরুর মাংস ৬০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। তবে সুপারশপে তা ৫২৫ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন উত্তরার ৫ নম্বর সেকটরের রিয়াজ রহমান।

“খোলা বাজারে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। কিন্তু আমি স্বপ্ন থেকে ৫২৫ টাকা দরে মাংস কিনেছি।”