২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় প্রতিকেজি গরুর মাংস ৫২৫ টাকা, খাসি ৭৫০

এ বছর রোজার মাসের জন্য রাজধানীতে প্রতিকেজি দেশি গরুর মাংসের দাম সর্বোচ্চ ৫২৫ টাকা নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন; যদিও আরও আগে থেকেই তা ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2019, 02:17 PM

Updated : 18 Aug 2022, 05:15 PM

এছাড়া বোল্ডার গরুর মাংসের দাম প্রতিকেজি ৫০০, মহিষের মাংস ৪৮০ টাকা, খাসির মাংস ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর প্রতিকেজি ভেড়ার মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করেছে ডিএসসিসি।       

সোমবার নগর ভবনে মাংস ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

গত বছর রোজায় দেশি মাংসের দাম ছিল ৪৫০ টাকা। সেই হিসেবে গতবারের চেয়ে কেজিতে ৭৫ টাকা দাম বেড়েছে।

সভায় মেয়র সাঈদ খোকন বলেন, এই দামের বেশি রাখলে শাস্তি দেওয়া হবে।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, “আজকের এই সিদ্ধান্ত আপনারা মেনে চলবেন। কেউ যদি এর চেয়ে বেশি দাম রাখেন তাহলে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে। নির্ধারিত এই দামে সুপারশপেও মাংস বিক্রি করা হবে।”

সভায় ঢাকা মহানগর মাংস ব্যবসায়ী সমিতির সদস্য, সিটি করপোরেশনের কর্মকর্তা, বিভিন্ন সুপারশপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।       

প্রতিবছর সিটি করপোরেশন দাম বেঁধে দিলেও রোজার আগে থেকেই মাংসের দাম চড়তে থাকে।  আর ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে দাম নির্ধারণ করা হলেও রোজার সময় তা আর মানতে দেখা যায় না বিক্রেতাদের।

গতবছর রোজার সময় খোদ মেয়রের বাড়ির পাশের দোকানগুলোতেও বেশি দামে মাংস বিক্রির খবর এসেছিল।

বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলমের দাবি, গাবতলী হাটের ইজারাদার কয়েকগুণ বেশি খাজনা আদায় করায় মাংসের দাম বেড়ে যায়।

সোমবারের সভায় তিনি বলেন, “১০০ টাকার খাজনা এক হাজার টাকাও রাখা হচ্ছে। এ কারণে মাংসের দাম বেড়ে যায়। ফলে সিটি করপোরেশনের নির্ধারিত দামে মাংস বিক্রি করা কঠিন হয়ে যায়।”

এই বিষয়ে নজর দিলে মাংসের দাম কম রাখা সম্ভব হবে বলে মনে করেন তিনি।

পুরনো খবর:

গরুর মাংস ও চিনির দাম বেড়েছে
গরুর মাংস: বেঁধে দেওয়া দাম মানছে না মেয়রের বাড়ির পাশেও
রোজায় গরুর মাংসের কেজি ৪৫০ টাকা নির্ধারণ