২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরুর মাংস: বেঁধে দেওয়া দাম মানছে না মেয়রের বাড়ির পাশেও

রোজা সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গরুর মাংসের দাম কেজিপ্রতি ৪৫০ টাকা নির্ধারণ করে দিলেও তা মানছেন না অধিকাংশ বিক্রেতা।

ওবায়দুর মাসুম

ও ফয়সাল আতিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2018, 09:18 PM

Updated : 08 Apr 2022, 06:24 PM

এমনকি মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের পৈত্রিক বাড়ি পুরান ঢাকার নাজিরাবাজার এবং বর্তমান আবাসস্থল বনানীর বাজারেও ওই দামে গরুর মাংস পাওয়া যাচ্ছে না।

এ দৃষ্টি আকর্ষণ করলে মেয়র খোকন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ থেকেই আমাদের মনিটরিং টিম কাজ শুরু করল। বেঁধে দেওয়া যে দাম আছে সেটাই যেন নেওয়া হয় সেটা নিশ্চিত করতে তারা কাজ করবে।”

প্রথম রোজায় শুক্রবার ঢাকার সাতটি বাজার ঘুরে ছয়টিতেই সিটি করপোরেশনের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রি করতে দেখা গেছে। শুধু একটি বাজারে সিটি করপোরেশনের নির্ধারিত দামে মাংস বিক্রি হচ্ছিল।

কোনো বাজারেই ভারতীয় গরু বা মহিষের মাংস পাওয়া যায়নি। সব মাংসই দেশি গরুর মাংস বলে বিক্রি করা হচ্ছে। একইভাবে কোথাও ছাগী ও ভেড়ার মাংস খুঁজেও পাওয়া যায়নি। সব জায়গায় বিক্রি হচ্ছে খাসির মাংস।

মেয়র খোকনের এলাকা নাজিরাবাজার চৌরাস্তার কাওসারের মাংসের দোকানে গিয়ে দেখা গেছে, ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। দরদাম করে ৪৮০ টাকায় কিনতে পারছেন কেউ কেউ।

সিটি করপোরেশন নির্ধারিত দামে মাংস বিক্রি না করার কারণ জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই দামে বিক্রি করলে পোষায় না।

“ভাই, সরকার একটা দাম ধইরা দিসে। কিন্তু সরকার তো আর জিনিসটা কিন্না দেয় নাই। পরতা না পড়লে তো আর বেচা যাইব না।”

পাশের মহসিন মহাজনের দোকানে গরুর মাংসের কেজি ৪৮০ টাকা। এর কমে মাংস বিক্রি হয় না বলে জানান বিক্রেতা শাহ আলম।

তিনি বলেন, “সাড়ে চাইরশ ট্যাকা কেজি যেই মাংস বিক্রি করে সেইগুলা কোল্ডস্টোরেজের মাংস। এই মাংস এইখানে কেউ কিনব না। আমরা ফ্রেশ মাংস বিক্রি করি, হের লাইগা দাম বেশি। আর অহন পর্যন্ত আমরা করপোরেশনের বোর্ড (মূল্য তালিকা) পাই নাই। পাইলে দেখা যাইব কী হয়।”

নাজিরাবাজারের মঞ্জুরের দোকানে মাংস বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজিতে। তারও একই কথা, সিটি করপোরেশন শুধু দাম নির্ধারণ করে দেয়। কিন্তু বেশি দামে গরু কিনতে হয় বলে তাতে পোষায় না।

“তারা তো শুধু দাম ধইরা দেয়। আমাগো মাংস কিন্না দেউক। আমরা কেজিতে মাত্র দশ টাকা লাভে বেচুম।”

দাম কমার পরিবর্তে রোজায় মাংসের দাম উল্টো বেড়ে গেছে বলে অভিযোগ করেন নাজিরাবাজারের বাসিন্দা হাবিবুর রহমান।

তিনি বলেন, “কেজি ৫০০ ক্যান, ৫২০ ট্যাকা কেজি হইলেও কিনোন লাগব। আমরা ঠেকায় পড়ছি। এইখানে সরকারের কি কোনো তদারকি আছে? নাই। থাকলে দাম ঠিক থাকত।” 

পাশের মিরনজল্লা বাজারে গিয়েও সিটি করপোরেশন নির্ধারিত দামে গরুর মাংস বিক্রি হতে দেখা যায়নি। এ বাজারের মাংস বিক্রেতা নুরুল ইসলাম বলেন, ভালো মাংস কিনতে হলে দাম একটু বেশিই দিতে হবে।

তিনি বলেন, “৪৫০ ট্যাকা কেজি আমরা বেচতে পারুম। তয় এক কেজি গোশতে এক পোয়া চর্বি, এক পোয়া হাড্ডি দেওন লাগব। কাস্টমার গোশত পাইব দুই পোয়া।

“এই ঝামেলার কারণে আমি খুচরা কাস্টমারের কাছে মাল বেচি না। আমি হোটেলে পাইকারী গোশত বেচি।”

সিটি করপোরেশনের মূল্য তালিকা এবং সে অনুযায়ী মাংস বিক্রি হতে দেখা গেছে শুধু শান্তিনগর কাঁচাবাজারে। সেখানে প্রতি কেজি গরুর মাংস ৪৫০ টাকা এবং খাসির মাংস ৭২০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে এ বাজারে মহিষ, ভারতীয় গরু এবং ছাগল বা ভেড়ার মাংস পাওয়া যায়নি। সবই দেশি গরুর ও খাসির মাংস বলে বিক্রি করা হচ্ছে।

বনানী কাঁচাবাজারে টাঙানো মূল্য তালিকায় প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকা লেখা রয়েছে।

সিটি করপোরেশনের নির্ধারিত দাম মানা হচ্ছে না কেন- এ প্রশ্নের জবাবে মাংস বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, “এইখানে ভালো মানের গরুর মাংস বিক্রি করা হয়। ঢাকার অন্য বাজারে কিছুটা কম দামে পাইলেও এই বাজারে প্রতি কেজি ৫০০ টাকার কমে গরুর মাংস পাবেন না। সব দোকানে একই রেট।”

মহাখালী কাঁচাবাজারে টাঙানো সিটি করপোরেশনের মূল্য তালিকায় গরুর মাংসের কেজি ৪৫০ টাকা লেখা থাকলেও তা বিক্রি হচ্ছে ৪৮০ থেকে ৫০০ টাকায়।

মফিজুল ইসলাম নামের সেখানকার একজন মাংস বিক্রেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গরুর মাংসের দাম ঠিক করে দেওয়া সিটি করপোরেশনের কাজ না। মেয়র মাংসের দাম ঠিক করে ক্যামনে? হের কাম কি মাংসের দাম ঠিক করা? হেইডা তো করে বাণিজ্য মন্ত্রণালয়।

“আর মেয়র যেই দাম ধরছে সেই দামে মাংস বেচন যাইব না। একটা গরু কিনার পরে কত্ত টাকা চান্দা দেওন লাগে হেইডা তো মেয়র জানে না।”

মিরপুর-২ নম্বর সেকশনের বড়বাগ কাঁচাবাজারে ঘুরেও প্রতি কেজি গরুর মাংস ৪৮০ টাকা করে বিক্রি হতে দেখা গেছে। এ বাজারে রোজার আগে গরুর মাংস বিক্রি হয়েছে কেজি প্রতি ৪৫০ টাকা থেকে ৪৮০ টাকা।

শেওড়া-জোয়ারসাহারা কাঁচাবাজারেও গরুর মাংসের কেজি ৫০০ টাকার কমে পাওয়া যায়নি। সেখানে মাংস কিনতে আসা তানজিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়রের নির্দেশনা কেউ মানছে না।

“পত্রপত্রিকায় দেখলাম গরুর মাংস ৪৫০ টাকা কেজি। কিন্তু বাজারে এসে দেখি ৫০০ টাকা। এ ধরনের ঘোষণার কোনো মানে আছে বলে মনে হয় না।”

গত ১৪ মে ঢাকা মহানগর মাংস ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে রোজায় প্রতি কেজি দেশি গরুর মাংস ৪৫০ টাকা, বিদেশি গরুর মাংস ৪২০ টাকা, মহিষের মাংস ৪২০ টাকা, খাসির মাংস ৭২০ টাকা এবং ভেড়া ও ছাগলের মাংস ৬০০ টাকা নির্ধারণ করা হয়।

সে সময় মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানিয়েছিলেন, উত্তর সিটি করপোরেশনেও এই দর কার্যকর হবে।

সিটি করপোরেশন নির্ধারিত দামে মাংস বিক্রি হচ্ছে না কেন জানতে চাইলে ঢাকা মহানগর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি রবিউল আলম বলেন, এখনও অতিরিক্ত খাজনা দিতে হয় বলে দাম কমাতে পারছে না ব্যবসায়ীরা।

“আমার সরকার নির্ধারিত খাজনা হল ১০০ টাকা। কিন্তু গাবতলীর ইজারাদার একেকটা গরুতে ব্যবসায়ীদের কাছ থেকে চার থেকে পাঁচ হাজার টাকা বেশি নিচ্ছে। এই টাকাটা আমি কোত্থেকে আনব? গরুর মাংসের দাম ঠিক রাখতে হলে তাদের নিয়ন্ত্রণ করতে হবে। এইটা করলে এক ঘণ্টায় মাংসের দাম কমে যাবে।”

গাবতলী হাটে ইজারাদারের বাড়তি টাকা নেওয়াটা মাংসের দামে প্রভাব ফেলছে বলে স্বীকার করেছেন মেয়র সাঈদ খোকনও।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাংস ব্যবসায়ীরা আমাকে এ বিষয়টি বলেছে। আমি এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারের উচ্চ পর্যায়ে কথা বলেছি। আশা করছি, সমস্যার সমাধান হবে।”