২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধিকার নিয়ে সচেতন হলে ভোক্তরা ঠকবেন না: বাণিজ্যমন্ত্রী

নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকলে কোনো ভোক্তাই আর ঠকবেন না বলে মন্তব্য করেঠেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2019, 11:10 PM

Updated : 18 Aug 2022, 05:13 PM

ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর-সংস্থা ছাড়াও গণমাধ্যমগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রতি বছর ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হলেও বাংলাদেশে এবার আগামী ২ মে জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে।

এ দিবসের বিভিন্ন কর্মসূচি জানাতে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসেন বাণিজ্যমন্ত্রী।

২ মে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা হবে। তার আগে রাজধানীতে হবে বর্ণাঢ্য শোভাযাত্রা।

দিবসের উদ্দেশ্য তুলে ধরে টিপু মুনশি বলেন, “ভোক্তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হলে ঠকবেন না, ন্যায্যমূল্যে জিনিস পাবেন। সেই বিবেচনাতেই সারা পৃথিবীতে ভোক্তা অধিকার দিবস পালিত হয়ে আসছে।

“আমাদের দেশের মানুষ ভোক্তা অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন নয়। আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সচেতন করা, যেন তারা তাদের অধিকার বুঝে নিতে পারেন।”

ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে গণমাধ্যমগুলোকেও ভূমিকা রাখার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

এ বিষয়ে সরকারের তৎপরতার কথা তুলে ধরে তিনি বলেন, “কেউ অতিরিক্ত মূল্য নিলে বা গ্রাহকদের ঠকালে ব্যবস্থা নিচ্ছি, জরিমানা করছি। যদি অভিযোগ আসে সেটাকে আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হয়।

“ভোক্তার অধিকার সুরক্ষায় সরকার কাজ করছে। দেশের সকল জেলা, উপজেলা ও ইউনিয়নের ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নিয়মিত বাজার মনিটরিং হচ্ছে।”

ভোক্তাদের অধিকার রক্ষায় সরকার আইন প্রয়োগে কঠোর অবস্থানে রয়েছে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, “বাণিজ্য মন্ত্রণালয়ে মনিটরিং সেল খোলা হয়েছে। ভোক্তাদের অধিক সচেতন করা আমাদের দায়িত্ব।

“কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কোনো ভোক্তা অধিকার বঞ্চিত হয়ে অভিযোগ করলে এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ নগদ অর্থ দেওয়া হয়।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গত ২৪ এপ্রিল পর্যন্ত ৪৬ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করেছে। এর মধ্য থেকে অভিযোগকারীদের ৮১ লাখ ৩০ হাজার ৩০২ টাকা দেওয়া হয়েছে।

বাণিজ্য সচিব মফিজুল ইসলাম এবং জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক শফিকুল ইসলাম লস্কর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।