ব্যাংকগুলোকে এডিআর সমন্বয়ে আরও ৬ মাস
ব্যাংকগুলোর এডিআর (ঋণ-আমানত অনুপাত) সমন্বয়ের সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
৩০ মার্চ মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এখন তা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়েছে।
নতুন এডিআর নির্ধারণ করে দেওয়ার পর এ নিয়ে তিন দফা সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার এক সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে এ সুবিধা দিয়েছে।
গত বছরের ৩০ জানুয়ারি ব্যাংকগুলো এডিআর কমায় কেন্দ্রীয় ব্যাংক। তখন থেকে সাধারণ ব্যাংকগুলোর এডিআর হচ্ছে ৮৩ দশমিক ৫ শতাংশ; আর ইসলামী ব্যাংকের ক্ষেত্রে ৮৯ শতাংশ।
অর্থাৎ সাধারণ কোনো ব্যাংক ১০০ টাকা আমানত গ্রহণ করলে ৮৩ টাকা ৫০ পয়সার বেশি ঋণ বিতরণ করতে পারবে না। আর ইসলামী ব্যাংকগুলো ১০০ টাকা আমানত সংগ্রহ করলে ৮৯ টাকা ঋণ দিতে পারবে।
যে সব ব্যাংক এই সীমার বেশি ঋণ বিতরণ করেছে, তাদের ঐ বছরের ৩০ জুনের মধ্যে সমন্বয় করতে সময় বেধে দেয়া হয়েছিল।
২০১৮ সালের ৩০ জানুয়ারি আগ পর্যন্ত দুই ধরনের ব্যাংকের ক্ষেত্রে এডিআর নির্ধারিত ছিল ৮৫ শতাংশ এবং ৯০ শতাংশ।
ব্যাংকগুলোর চড়া সুদে আমানত সংগ্রহের লাগাম টানতে ওই পদক্ষেপ নিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
পরে ২০ ফেব্রুয়ারি এক সার্কুলারে এডিআর সমন্বয়ের সীমা আরও ছয় মাস বাড়িয়ে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর করা হয়। এরপর ৯ এপ্রিল এডিআর সমন্বয়ের সময়সীমা আরও তিন মান বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়।
বৃহস্পতিবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এ সংক্রান্ত সর্বশেষ সার্কুলারে সেই সময় আরও ছয় মাস বাড়িয়ে বলা হয়েছে, যেসব ব্যাংকের ঋণ আমানত অনুপাত নির্ধারিত হারের চেয়ে বেশি রয়েছে সেগুলোকে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ক্রমান্বয়ে নির্ধারিত মাত্রায় নামিয়ে আনতে হবে।
এজন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বিভাগে দাখিল করতে হবে।
