‘বিনা নোটিসে’ আইটি প্রতিষ্ঠান বন্ধে বেসিসের প্রতিবাদ
রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরাতে রাজউকের অভিযানের মধ্যে উত্তরার দুটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘বিনা নোটিসে’ সিলগালা করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বেসিস।
বুধবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) এক সংবাদ সম্মেলনে রাজউকের এ কর্মকাণ্ডকে ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের ‘পরিপন্থী’ বলে উল্লেখ করা হয়।
বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর সংবাদ সম্মেলনে জানান, চলতি মাসে রাজউক তাদের উচ্ছেদ অভিযানের এক পর্যায়ে উত্তরার ‘সলিউশন নাইন’ এবং ‘টিকন’ সফটওয়্যার ফার্ম বিনা নোটিসে তালাবন্ধ করে দেয়।
রাজউকের অভিযান নিয়ে বেসিস ও পরে তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারও যোগাযোগ করেছিলেন রাউজকে।
নিজেদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরে রাজউক চেয়ারম্যান আবদুর রহমানকে চিঠি পাঠালেও তার কোনো সাড়া পাওয়া যায়নি বলে বলে জানান বেসিস সভাপতি।
আলমাস কবীর বলেন, “রাজউক আমাদের আইনিভাবে যেতে বলেছে। এখন আমরাও সেভাবেই যাব।”
আবাসিক এলাকায় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ব্যবসা প্রসারের পক্ষে যুক্তি উপস্থাপন করেন তিনি।
দেশের শতকরা ৯৫ ভাগ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ঢাকা শহরে তাদের ব্যবসা পরিচালনা করছে জানিয়ে তিনি বলেন, “দ্রুত গতির ইন্টারনেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আর নিরিবিলি পরিবেশ প্রয়োজন তথ্যপ্রযুক্তি ব্যবসার জন্য। আর আবাসিক এলাকাতেই তারা ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করে নেন। তাছাড়া আইটি কোম্পানির জন্য যে ধরনের অবকাঠামো প্রয়োজন হয়, তাতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার ন্যুনতম আশঙ্কা নেই।”
সফটওয়্যার ও আইটিএস ক্ষেত্রে তরুণ উদ্যোক্তারা ব্যবসার শুরুতে বাণিজ্যিক এলাকায় অফিস স্পেস ভাড়া নেওয়ার মতো আর্থিক ‘সক্ষমতা রাখেন না’ বলেও উল্লেখ করেন বেসিস সভাপতি।
বেসিসসের তথ্য অনুযায়ী, তাদের ১১০০ সদস্য প্রতিষ্ঠানের মধ্যে ৮০০টির কার্যালয় ঢাকার অবাণিজ্যিক এলাকায়। এসব প্রতিষ্ঠানে লক্ষাধিক জনবল রয়েছে। স্থানীয় বাজারে এই প্রতিষ্ঠানগুলো ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, রপ্তানি আয় করেছে ৮০০ মিলিয়ন মার্কিন ডলার।
সংগঠনের সভাপতি বলেন, “ঢাকায় আইসিটি ইউকিউবেটর ও সফটওয়্যার টেকনোলজি পার্ক তৈরি করা না গেলে এসব স্টার্টআপ কোম্পানির জন্য বাণিজ্যিক এলাকায় অফিস স্থাপন ও পরিচালনা দুষ্কর হয়ে পড়বে।”
ঢাকার কারওয়ান বাজারে বিডিবিএল ভবন ও জনতা টাওয়ারে আইসিটি ইনকিউবেটর, সফটওয়্যার পার্কে এখন সংকুলানের মতো যথেষ্ট জায়গা নেই। তাছাড়া কালিয়াকৈরে হাইটেক পার্ক নির্মাণের গতিও স্লথ হয়ে পড়েছে।
আলমাস কবীর বলেন, এই সফটওয়্যার পার্কগুলো নির্মাণ শেষ হলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সেখানে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে। তখন আর অবাণিজ্যিক স্পেস ভাড়া নেওয়ার প্রয়োজন পড়বে না।
বন্ধ করে দেওয়া উত্তরার দুই তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের একটি সলিউশন নাইন-এর ব্যবস্থাপনা পরিচালক শোয়াইবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের বাড়ির মালিক সম্প্রতি রাজউকের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে হাই কোর্টে রিট করেছেন।
“আমাদের মাত্র ১০ মিনিট সময় দেওয়া হয়েছে। আমরা চারটি ল্যাপটপ ছাড়া আর কিছু বের করতে পারিনি। আমাদের প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে। ত্রিশজন কর্মী কাজ করেন আমাদের এখানে। কাউকে ঈদের সময় বেতনও দিতে পারিনি।”
বন্ধ করে অন্য প্রতিষ্ঠান টিকন- এর ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, রাউজক এখন তাদের তিন মাসের সময় বেঁধে দিয়েছে। এ সময়ের মধ্যে তাদের প্রতিষ্ঠান উত্তরার আবাসিক এলাকা থেকে সরিয়ে নিতে বলা হয়েছে।
পরে রাজউকের উত্তরা জোনের দায়িত্বরত কর্মকর্তা আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিষ্ঠান দু’টি যে বাড়িগুলোতে ছিল, তারা দেড় বছর আগে রাজউকের মোবাইল কোর্টের বিরুদ্ধে রিট পিটিশন করেছিল।
“পরে হাই কোর্ট থেকে ১০ মাসের সময়সীমা বেঁধে দিয়ে বলা হয়েছিল, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরিয়ে নিতে। নির্ধারিত সেই সময় শেষ হয় চলতি বছর ৫ মে। হাই কোর্টের আদেশে বলা বলা হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান না সরালে, রাজউক আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।
“নির্ধারিত সময়ের অনেক পরে অগাস্ট মাসের ৪ তারিখ উত্তরায় অভিযান চালানো হয়। তখন তো আমাদের নোটিস দেওয়ার কোনো প্রশ্নই আসে না।”
বেসিস জানিয়েছে, বিভিন্ন আবাসিক এলাকার বেশকটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানকে সরে যাওয়ার নোটিস দিয়েছে রাজউক, যার মধ্যে ধানমণ্ডির আটটি প্রতিষ্ঠান রয়েছে।
