২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকে সুদ হার হ্রাস সময়োচিত: এফবিসিসিআই

ব্যাংক ঋণে সুদহার এক শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বলছে, ব্যবসার প্রসার, নতুন উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে এটি একটি সময়োচিত পদক্ষেপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2018, 09:31 PM

Updated : 19 Aug 2022, 02:15 PM

সোমবার মতিঝিল ফেডারেশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও গণমাধ্যমকে ধন্যবাদ জানান এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন।

তিনি বলেন, “ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ইচ্ছায় বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যাংকের সুদের হার একক অঙ্কে নামিয়ে আনে, যা গতকাল ১ জুলাই ২০১৮ তারিখ থেকে কার্যকর হয়েছে।”

গত ১৪ এপ্রিল বেসরকারি ব্যাংক মালিকদের সঙ্গে এক বৈঠকে ঋণের সুদের হার ১০ শতাংশের নিচে (সিঙ্গেল ডিজিট) নামিয়ে আনতে ব্যাংক মালিকদের তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর ২০ জুন বৈঠক করে ব্যাংক ঋণের সুদের হার ৯ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দেয় বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।

বেসরকারি ব্যাংকগুলো যেন সুদের হার কমাতে পারে সে জন্য তাদেরকে আরও সুবিধা দিতে গত জুনে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রাখার নিয়মে ছাড় দেওয়ার ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

তবে যেসব ব্যাংক তাদের সুদের হার এখনও একক অঙ্কে নামিয়ে আনতে পারেনি তাদেরকে অবিলম্বে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একক অঙ্কে নামিয়ে আনার আহ্বান জানায় এফবিসিসিআই।

মহিউদ্দিন বলেন,  “দেশে ব্যবসা ও শিল্প-বান্ধব পরিবেশ সৃষ্টি, নতুন উদ্যোক্তা তৈরি এবং আমদানি-রপ্তানি কার্যক্রমকে গতিশীল করার ক্ষেত্রে ঋণের সুদহার হ্রাস বিশ্ব বাণিজ্যের প্রেক্ষাপটে সময়োচিত পদক্ষেপ।”

তবে এই সুদের হার একক অঙ্কে অব্যাহত রাখতে অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংককে বিশেষ নজর রাখার আহ্বান জানান তিনি।

বর্তমানে ব্যাংক ঋণের গড় সুদের হার চীনে ৪ দশমিক ৩ শতাংশ, সিঙ্গাপুরে ৫ দশমিক ৩ শতাংশ, ভিয়েতনামে ৬ দশমিক ২৫ শতাংশ, পাকিস্তানে ৮ দশমিক ২ শতাংশ, থাইল্যান্ডে ৭ শতাংশ, নেপালে ৭ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৪ দশমিক ৫ শতাংশ, মালয়েশিয়ায় ৪ দশমিক ৮ শতাংশ বলে জানায় এফবিসিসিআই।

মহিউদ্দিন বলেন, “বাংলাদেশে সুদের হার একক অংকে নেমে আসায় ব্যবসা পরিচালনা ব্যয় যেমন কমে আসবে তেমনি পার্শ্ববর্তী প্রতিযোগী দেশগুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে এটি সহায়ক হবে।”

ব্যাংক ঋণে সুদের হার কমানোর পাশাপাশি খেলাপি ঋণের মতো সংবেদনশীল বিষয়েও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় এফবিসিসিআই।

শীর্ষ এই ব্যবসায়ী নেতা বলেন,  “ব্যাংকিং খাতে নন-পারফর্মিং লোন বা খেলাপি ঋণের বিষয়টি  সংবেদনশীল। ব্যাংকিং খাতে দীর্ঘদিন যাবত এ দুর্বিসহ বোঝা সুদের হার এবং বিনিয়োগের ক্ষেত্রে অন্তরায় হিসেবে কাজ করছে।”

২০১৮ সালের মার্চ  মাসের তথ্যমতে বর্তমানে খেলাপি ঋণের পরিমান প্রায় ৮৮ হাজার ৫৮৯ কোটি টাকা  বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

ব্যাংক ব্যবস্থাকে আরও দক্ষ এবং বিনিয়োগবান্ধব করতে খেলাপি ঋণ কমানোর প্রচেষ্টা  বাড়াতে জোর দিয়ে  মহিউদ্দিন বলেন,  “ব্যাংকগুলোর ঝুঁকি ব্যবস্থাপনাকে আরো জোরদার করা প্রয়োজন। বিশেষ করে বড় অঙ্কের ঋণগুলো কমিয়ে আনার বিষয়ে অধিকতর জোরালো ও কাঠামোবদ্ধ ব্যবস্থা গ্রহণ করা একান্ত জরুরি।”

সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ ও পরিচালকরা উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

সুদের হার কমাতে ব্যাংকের জন্য আরও ছাড়
সুদের হার না কমালে কর ছাড় পাবে না ব্যাংক: এনবিআর
ব্যাংকের সুদ হার ৯ শতাংশের বেশি নয়