২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুঁড়ো দুধে আমদানি শুল্ক: প্রধানমন্ত্রীকে দেশি উৎপাদকদের ধন্যবাদ

নতুন অর্থবছরের বাজেটে আমদানি করা গুঁড়ো দুধের ওপর শুল্ক বহাল রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে জাতীয় দুগ্ধ উন্নয়ন ফোরাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2018, 04:06 PM

Updated : 19 Aug 2022, 02:14 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, “প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আমদানিকৃত গুঁড়ো দুধের ওপর আগের মত ২৫ শতাংশ শুল্ক বহাল থাকল, যাতে এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত এক কোটির বেশি মানুষের জীবিকার পথ সুগম হবে।”

অর্থমন্ত্রী এবার বাজেটে আমদানি করা গুঁড়ো দুধের শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করলেও বুধবার সংসদে আগের হারই বহাল রাখার কথা বলেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার সংসদে ২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেট পাস হয়। জুলাইয়ের প্রথম দিন থেকে এ বাজেট কার্যকর হচ্ছে।

ওই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়েছে জাতীয় দুগ্ধ উন্নয়ন ফোরামের সংবাদ বিজ্ঞপ্তিতে।

সেখানে বলা হয়, দুগ্ধশিল্প বাংলাদেশের একটি ক্রমবর্ধমান শিল্প। অতীতে এদেশের প্রায় ৮০ শতাংশ গ্রামীণ জনগোষ্ঠী গতানুগতিক পদ্ধতিতে দুগ্ধ উৎপাদনের সাথে জড়িত থাকলেও বর্তমানে তা বাণিজ্যিক আকার ধারণ করেছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের ‘লাইভস্টক ইকোনমি এট-এ-গ্লেন্স’ এর তথ্য অনুযায়ী,  বর্তমানে দেশে দুধের মোট উৎপাদন ৯২ লাখ মেট্রিক টন, যা দেশের মোট চাহিদার প্রায় দুই-তৃতীয়াংশ পূরণ করে। আর দুধ উৎপাদনের সাথে জড়িত খামারীদের একটি বড় অংশ নারী।