২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনফিনিক্সের নতুন দুই হ্যান্ডসেট বাজারে

চীনা কোম্পানি ইনফিনিক্স বাংলাদেশের বাজারে এনেছে তাদের নতুন মডেলের মোবাইল ফোন হট এস থ্রি ও হট সিক্স প্রো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2018, 10:05 PM

Updated : 11 Oct 2022, 12:22 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় এক ‘ফ্যানস মিট আপ’ অনুষ্ঠানে ইনফিনিক্স হট সিক্স প্রো হ্যান্ডসেটটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। আর হট এস থ্রি গত এপ্রিল থেকেই বাংলাদেশে পাওয়া যাচ্ছে।

ইনফিনিক্স বাংলাদেশের ব্যবস্থাপক (পরিচালনা ও বিক্রয়) ও কান্ট্রি ম্যানেজার সাইফ মোহাম্মদ ইমরান খান অনুষ্ঠানে বলেন, “আমরা কিছুদিন আগে হট এস থ্রি বাংলাদেশের বাজারে আনি। খুব অল্প সময়ের মধ্যে তা গ্রাহকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে।”

তিনি বলেন, ”সে সময় আমাদের সবগুলো সেট বিক্রি হয়ে যায়। যে কারণে আমরা হট এস থ্রি নতুন করে বাজারে আনছি। পাশাপাশি ঈদুল ফিতর সামনে রেখে আমরা হট সিক্স প্রো মডেলটি বাজারে ছাড়া হচ্ছে।”

হট এস থ্রির দাম রাখা হয়েছে ১২ হাজার ৯৯০ টাকা। আর ১৩ হাজার ৯৯০ টাকায় হট সিক্স প্রো কেনা যাবে। তবে ঈদ উপলক্ষে দারাজ ডটকমে হট সিক্স প্রো পাওয়া যাবে ১২ হাজার ৯৯০ টাকায়।

অনুষ্ঠানে জানানো হয়, তিন জিবি র‌্যাম আর ৩২ জিবি রমের দুটি মডেলেই থাকছে অ্যান্ড্রয়েড ৮.১ (ওরিও) অপারেটিং সিস্টেম। সেই সঙ্গে থাকছে ফোরজি কানেকটিভিটি; নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ইন্টারনেট ব্যবহারের সময় অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখার জন্য রয়েছে ফ্রিজার।

দুটি সিম কার্ড ও মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা থাকছে ডিভাইসগুলোতে। দীর্ঘ সময় সচল রাখতে দুটি মডেলেই রয়েছে ৪ হাজার মিলি অ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। আর ব্যাটারি দ্রুত চার্জ হওয়ার জন্য ব্যবহার করা হয়েছে ‘কুইক চার্জ’ প্রযুক্তি।

আপাতত দারাজ ডটকম ছাড়াও কিকসা ডটকম, পিকাবো ডটকম, অথবা ডটকমসহ অন্যান্য ই-কমার্স সাইট থেকে মোবাইল দুটি অনলাইনে কেনা যাবে। তবে এ বছরের মধ্যেই ডিভাইসগুলো শো রুমে পাওয়া যাবে বলে আশা করছে ইনফিনিক্স কর্তৃপক্ষ।  

সারা দেশে ইনফিনিক্সের ৯০টি কাস্টমার কেয়ার সেন্টার রয়েছে জানিয়ে ইমরান খান বলেন, তাদের নতুন দুটি মোবাইল ডিভাইসে এক বছরের ওয়ারেন্টি পাবেন ক্রেতারা।

এছাড়া ডিভাইস কেনার ১০০ দিনের মধ্যে ডিসপ্লে ভাঙলে তা বিনামূল্যে একবার সারিয়ে দেওয়া হবে। সাত দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টিও থাকবে এতে।

২০১২ সালে যাত্রা শুরু করে চীনা মোবাইল নির্মাতা ইনফিনিক্স।বাংলাদেশে প্রতিষ্ঠানটি আসে ২০১৬ সালের ডিসেম্বরে। বিশ্বের ৫০টি দেশে কয়েক কোটি গ্রাহক রয়েছে  প্রতিষ্ঠানটির।

ইনফিনিক্স হট এস থ্রি 

>> ১৮:৯ অনুপাতের ৫.৭ ইঞ্চি এইচডি ইনফিনিটি ডিসপ্লে; রেজ্যুলেশন ১৪৪০x৭২০ পিক্সেল

>> অক্টাকোর ১.৪ গিগাহার্জ প্রসেসর; স্ন্যাপড্রাগন ৪৩০ চিপসেট; গ্রাফিক্সে অ্যাডেরেনো ৫০৫ জিপিইউ

>> ২০ মেগাপিক্সেল লো লাইট সেলফি ক্যামেরার সঙ্গে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা

ইনফিনিক্স হট সিক্স প্রো

>> ১৮:৯ অনুপাতের ছয় ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, রেজ্যুলেশন ১৪৪০x৭২০ পিক্সেল

>> কোয়াড কোর ১.৪ গিগাহার্জ প্রসেসর, স্ন্যাপড্রাগন ৪২৫ চিপসেট; গ্রাফিক্সে অ্যাডেরেনো ৩০৮ জিপিইউ

>> ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং দুই মেগাপিক্সেলের ডাবল রিয়ার ক্যামেরা। সামনে পাঁচ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।