এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওয়াহিদকে ডেকেছে দুদক
অর্থ পাচারের অভিযোগে এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ ব্যাংকটির সাবেক ও বর্তমান ৯ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার সকাল ৯টায় ওয়াহিদুল ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলার রহমানকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে দুদকের উপপরিচালক প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
এছাড়া ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শামিম আহমেদ চৌধুরী ও হেড অব ফাইন্যানসিয়াল ইনস্টিটিউট অ্যান্ড ট্রেজারি আবু হেনা মোস্তফা কামালকে ৩১ ডিসেম্বর ডাকা হয়েছে দুদকে।
এরপর ২ জানুয়ারি ব্যাংকটির পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
তারা হলেন- হেড অব কর্পোরেট মাহফুজ উল ইসলাম, হেড অব অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) মোহাম্মদ লোকমান, ওবিইউ এর কর্মকর্তা মো. আরিফ নেয়াজ, ব্যাংক কোম্পানি সেক্রেটারি মাহদেব সরকার সুমন এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তা এম এন আজিম।
সিঙ্গাপুরে একটি অফশোর কোম্পানি খুলে অর্থ পাচারের অভিযোগ তদন্তে এ বি ব্যাংকের এই কর্মকর্তাদের জিজ্ঞসাবাদ করা হচ্ছে।
গত ১০ ডিসেম্বর তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য চেয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন চিঠি দেন।
মালিকানা পরিবর্তনের গুঞ্জনের মধ্যে গত ২১ ডিসেম্বর এবি ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব ছাড়েন ওয়াহিদুল হক।
