ব্যাংককে সিডস্টারস এশিয়া সামিট অনুষ্ঠিত
বিশ্বজুড়ে উদীয়মান বাজার এবং স্টার্টআপ সম্প্রসারণে বৈশ্বিক সিড স্টেজ স্টার্টআপ প্রতিযোগিতা সিডস্টারস ওয়ার্ল্ডের আয়োজনে ব্যাংককে অনুষ্ঠিত হয়ে গেল এশিয়া সামিট।
মোবাইল অপারেটর গ্রামীণফোন রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত সামিটে বিনিয়োগকারী, ইকো সিস্টেম প্লেয়ার, সরকার, নেতৃস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক ও সামাজিক নেতাদের কাছে এশিয়ার ১৫টি দেশের সেরা স্টার্টআপদের তুলে ধরা হয়।
সিডস্টার ঢাকার বিজয়ী সিমেড হেলথ লিমিটেড ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মিয়ানমার, ফিলিপাইন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল এবং ভিয়েতনামের বিজয়ীদের সাথে অনুষ্ঠানে অংশ নেয়।
গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি এই সামিটে একটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
তিনি বলেন, “উদ্ভাবক ও উদ্যোক্তারা গ্রামীণফোন এবং টেলিনরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিজিটাল প্রযুক্তিনির্ভর গ্রাহকদের জন্য কোম্পানি যে ইকোসিস্টেম গড়ে তুলছে তারা তার অবিচ্ছেদ্য অঙ্গ। এসব স্টার্টআপকে সহায়তা করলে সংশ্লিষ্ট দেশগুলোতে তা আরো কর্ম সৃষ্টি, প্রযুক্তিগত উন্নয়ন এবং অর্থনীতির উন্নয়নে সহায়তা করবে।”
গ্রামীণফোনের হেড অফ ট্রান্সফরমেশন কাজী মাহবুব হাসান এবং বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের সহ-প্রকল্প পরিচালক আইডিইএ টিনা জাবিন এশিয়ার সেরা ১৫ স্টার্টআপের মেন্টর হিসেবে কাজ করেন।
এবছর গ্রামীণফোন এক্সেলেরেটর সিডস্টার-এর সহযোগিতায় বাংলাদেশে ‘সিডস্টারস ঢাকা’ আয়োজন করে।
জিপিহাউজে অনুষ্ঠিত এই আয়োজনে বিজয়ী সিমেড হেলথ সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় সিডস্টারস গ্লোবাল সামিটে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়।
