২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রযুক্তি নিরপেক্ষতায়’ খরচ কমছে অপারেটরদের

‘প্রযুক্তি নিরপেক্ষতা’ বা যে কোনো তরঙ্গে যে কোনো প্রযুক্তি সেবার সুযোগ পেতে মোবাইল ফোন অপারেটদের খরচ কমছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 04:59 PM

Updated : 19 Aug 2022, 05:11 PM

এছাড়া তরঙ্গ নিলামে খসড়া নীতিমালায় প্রস্তাবিত ভিত্তিমূল্য মূল্যেও কমছে বলে জানিয়েছেন বিটিআরসি প্রধান।

মোবাইল ফোন অপারেটরদের দাবি এবং তরঙ্গ নিলামে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছে বিটিআরসি।

প্রায় দুই বছর ধরে ঝুলে থাকা বাড়তি টু জি ও থ্রি জি তরঙ্গ (স্পেকট্রাম) বরাদ্দে নিলামের ভিত্তি মূল্য বাড়িয়ে গত ১১ জুলাই খসড়া নীতিমালা প্রকাশ করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এ নীতিমালা নিয়ে ১৮ জুলাইয়ের মধ্যে লিখিতভাবে মতামত বা পরামর্শ জানাতে বলা হয়েছিল।

খসড়া নীতিমালায় প্রযুক্তি নিরপেক্ষতাসহ (টেক নিউট্রালিটি) তরঙ্গের এই নিলাম হবে কারণ দেখিয়ে এবারের ভিত্তিমূল্য দুই বছর আগের ভিত্তিমূল্যের চেয়ে বাড়ানো হয়েছে বলা হয়।

এ প্রেক্ষাপটে অপারেটররা তরঙ্গমূল্যে কমানোসহ কয়েকটি দাবি বিটিআরসির কাছে উত্থাপন করে।

বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যখনই নতুন কোনো তরঙ্গ দেওয়া হয়, অপারেটরটা বরাবরই আপত্তি জানায়, থ্রিজির সময়েও তাও হয়েছে। তাদের যে সমস্ত মেজর আপত্তি ছিল, সরকার তা দেখছে।

“বিটিআরসির কাছে যে সুপারিশ করেছিল… তরঙ্গ নিলাম দামের ক্ষেত্রে পরিবর্তন করা হচ্ছে, তাদের অনুরোধ সরকার গ্রহণ করেছে। সম্পূর্ণ করা হয়নি, তবে যথেষ্ট পরিমাণে তাদের অনুরোধ রাখা হয়েছে।”

উদাহারণ হিসেবে বিটিআরসি চেয়ারম্যান বলেন, “বরাদ্দকৃত তরঙ্গে টেক নিউট্রালিটি ১০ মিলিয়ন মার্কিন ডলার দাম ধরা হয়েছিল, সেখান থেকে কমিয়ে সাড়ে ৭ মিলিয়ন করা হয়েছে; এটি একটি বিরাট রিলিফ তাদের জন্য।”

প্রযুক্তি নিরপেক্ষতাসহ (টেক নিউট্রালিটি) দাম কমায় অন্যান্য তরঙ্গের দামও কমছে বলে জানান বিটিআরসি ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

খসড়া নীতিমালায় এক হাজার ৮০০ মেগা হার্টজের অব্যবহৃত তরঙ্গ নিলামে প্রতি মেগাহার্টজের ভিত্তিমূল্য ৩৫ মিলিয়ন ডলার, থ্রি জির দুই হাজার ১০০ মেগাহার্টজের প্রতি মেগাহার্টজ ২৭ মিলিয়ন ডলার এবং ৯০০ মেগাহার্টজের প্রতি মেগাহার্টজ ৩০ মিলিয়ন ডলার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে তরঙ্গ নিলামের খসড়া চূড়ান্ত অনুমোদন হওয়ার পর আগামী দুই মাসের মধ্যেই এ নিলাম আয়োজনের প্রস্তুতি শুরু করা যাবে বলেও জানান বিটিআরসি চেয়ারম্যান।

এদিকে ‘টেক নিউট্রালিটি’র ওপর কোনো মূল্যে ধরা উচিত না বলে মন্তব্য করেন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টি আই এম নুরুল কবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অধিক সংখ্যক তরঙ্গের সুবিধা ব্যবহার করে ইফেকটিভ সার্ভিস যদি জনগণের কাছে পৌঁছাতে হয়, তাহলে টেক নিউট্রালিটির উপর এ মুহূর্তে কোনো ফি ধরা উচিৎ না। অন্যান্য তরঙ্গে আমরা বলেছি ১৫ মিলিয়ন ভিত্তিমূল্যে থাকা উচিত, এটিই গ্লোবাল স্টান্ডার্ট।”

পুরনো খবর:

ভিত্তিমূল্য বাড়িয়ে তরঙ্গ বরাদ্দের খসড়া নীতিমালা প্রকাশ
তরঙ্গ নিলামে দ্রুততার নির্দেশনা জয়ের
‘প্রযুক্তি নিরপেক্ষতা’ পেতে ফি গুনতে হবে অপারেটরদের
তরঙ্গ নিলাম: ভিত্তিমূল্য ও শর্ত নির্ধারণে চিঠি বিটিআরসিকে
তরঙ্গ নিলামের সময় আবার পেছাল বিটিআরসি
অবিক্রিত থ্রিজি তরঙ্গ চায় অপারেটররা
প্রযুক্তি নিরপেক্ষতাসহ তরঙ্গ নিলামে বাড়ছে ভিত্তিমূল্য