বিদ্যুৎখাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জ্বালানি উপদেষ্টার
বাংলাদেশের বিদ্যুতের বাজার দিন দিন বাড়ছে তুলে ধরে এখানে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য বিদেশি কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।
মঙ্গলবার ঢাকায় দুইদিন ব্যাপী ‘বাংলাদেশ পাওয়ার সামিটের’ উদ্বোধনী পর্বের বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
তৌফিক-ই-এলাহী বলেন, বাংলাদেশ পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে। আরও বিদ্যু উৎপাদনের প্রয়োজন রয়েছে। তবে এই ডিস্ট্রিবিউশন লাইন আরও সক্রিয় করা প্রয়োজন। এক্ষেত্রে আমাদের আরও নতুন বিনিয়োগের সুযোগ রয়েছে।
“বিদেশি কোম্পানিগুলো চাইলে এদিকে এগিয়ে আসতে পারে। সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুন নতুন ধারণা নিয়ে এগিয়ে আসতে হবে। নতুন প্রযুক্তি ব্যবসার ভবিষ্যত নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের জন্য স্বস্তিদায়ক হবে।”
“আগামী বছরের শুরুতে এলএনজি সিস্টেমের মধ্যে দিতে পারব। তখন প্রাথমিকভাবে প্রতিদিন ৫০০ এমএমসিএফ দেওয়া যাবে। বেসরকারি খাত থেকে আরও ৫০০ এমএমসিএফসহ মোট এক হাজার এমএমসিএফ গ্যাস পাওয়া যাবে এলএনজি থেকে।”
তিনি বলেন, “অনেকেই প্রকৃতিক গ্যাস নির্ভর শিল্প কারখানা করে সঙ্কটে আছে। তাদের আশ্বস্ত করতে চাই, কোনো মতে কয়েকটা মাস কাটিয়ে নিতে। ইনশাআল্লাহ, অবস্থার উন্নতি হবে।”
জ্বালানি চাহিদা মেটাতে এলএনজি পরিবহনে বহুমুখী উপায় বের করার কথাও জানান তৌফিক-ই-এলাহী।
এক প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা বলেন, ২০১৯ সালের প্রথম দিকে রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে যাবে বলে আশা করা যাচ্ছে।
“রামপালের মাটি ভরাট হয়ে গেছে। সেখানে পরিকল্পিতভাবে ৩০ হাজার গাছও লাগানো হয়েছে। এখন মেশিন ফেব্রিকেশনের কাজ চলছে। জার্মান থেকে আসা এই মেশিনগুলোয় কতদিন লাগে দেখা যাক। আমরা আশা করছি ২০১৯ সালে প্রথম ইউনিটটা চালু হবে।”
তিনি বলেন, “আমরা হেরিটেজ কমিটির কাছে যেভাবে বলে এসেছি- সেভাবে পরিবেশ বান্ধব উপায় উচ্চ প্রযুক্তি দিয়ে এই বিদ্যুৎকেন্দ্রটি আমরা করতে চাই।”
আয়োজকরা জানান, দুইদিন ব্যাপী এই সামিটে প্রায় ২০টি দেশের বিদ্যুৎখাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এইখাতে বিনিয়োগ করতে আগ্রহী কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানও রয়েছে সামিটে। এছাড়া বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান, মেশিনারিজ সরবরাহকারী ও পরামর্শক প্রতিষ্ঠান রয়েছে এখানে।
এ ধরনের অনুষ্ঠান সরকার ও দেশ বিদেশি কোম্পানিগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যম হিসাবে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তারা।
