২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলায় ‘সম্পর্কের অনুভূতি’ প্রকাশে কোকাকোলার ক্যাম্পেইন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষায় ‘সম্পর্কের অনুভূতি’ প্রকাশ করার বিশেষ ক্যাম্পেইন হাতে নিয়েছে কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2017, 04:11 PM

Updated : 11 Oct 2022, 01:28 PM

মঙ্গলবার রাজধানীর গুলশান লেকশোর হোটেলে এক সংবাদ সম্মেলন করে এই ক্যাম্পেইন শুরুর ঘোষণা দেওয়া হয়।

ক্যাম্পেইন সম্পর্কে কোকাকোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শাদাব আহমেদ খান বলেন, “আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে, কিছু অনুভূতি এবং কিছু সম্পর্ক, যা শুধুমাত্র মায়ের ভাষাতেই বোঝানো সম্ভব, সে ধরনের কথামালার তাৎপর্য তুলে ধরা।”

এই ক্যাম্পেইনের অংশ হিসেবে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত বাংলা ভাষার সাতটি ডাক- ‘আব্বু’, ‘আম্মু’, ‘ভাইয়া’, ‘আপু’, ‘দোস্ত’, ‘ভাবি’ ও ‘মামা’ লেবেলকৃত কোকাকোলা বোতল বাজারে ছাড়া হবে বলে জানান শাদাব।

তিনি বলেন, “কিছু সম্পর্ক আছে যা অন্য কোন ভাষায় এত সুন্দর করে প্রকাশ করা যাবে না। সে সব সম্পর্ক ও মাতৃভাষা দিবসকে তাৎপর্যমণ্ডিত করতেই আমাদের এই উদ্যোগ।”

এছাড়া ক্যাম্পেইন চলাকালীন সময়ে লক্ষাধিক ভোক্তা অটোমেটেড টেক্সটের মাধ্যমে কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন, যাদের মধ্যে ১০০ জন বিজয়ীকে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের সঙ্গে নৈশভোজের সুযোগ দেওয়া হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।