২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজাজের ৪ গাড়ি আনল রানার অটোমোবাইল

‘উন্নত প্রযুক্তিতে তৈরি’ বাজাজ ব্র্যান্ডের তিনটি থ্রি হুইলার ও চার চাকার গাড়ি ‘কিউট’ বাংলাদেশের বাজারে এনেছে রানার অটোমোবাইলস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2017, 08:59 PM

Updated : 11 Oct 2022, 01:27 PM

সোমবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) আয়োজিত এক অনুষ্ঠানে মালামাল ও যাত্রী পরিবহনকারী এসব গাড়ি বাজারজাতকরণের ঘোষণা দেওয়া হয়।

বাজাজের তিনটি থ্রি হুইলার ‘ম্যাক্সিমা’, ‘ম্যাক্সিমা আরই’ ও ‘ম্যাক্সিমা কার্গো’ এবং ফোর হুইলার ‘কিউট’ রানারের সব শোরুমে পাওয়া যাবে বলে অনুষ্ঠানে জানান রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান।

এসব যানে জ্বালানি হিসেবে ডিজেল এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহার করা যাবে বলে জানান তিনি।

বাজাজের জেনারেল ম্যানেজার মনিষ শিং রাথোর জানান, তিন চাকার ম্যাক্সিমা, ম্যাক্সিমা আরই ও ম্যাক্সিমা কার্গোর দাম যথাক্রমে চার লাখ ৩১ হাজার, তিন লাখ ৫৫ হাজার ও চার লাখ ৬১ হাজার, এছাড়া চার চাকার কিউটের দাম পরবে ৪ লক্ষ ৯৯ হাজার টাকা।

এছাড়াও গাড়ির ক্রেতাদের কোম্পানির পক্ষ থেকে ছয় মাসের ওয়ারেন্টিসহ তিনবার ফ্রি সার্ভিসিং দেওয়া হবে বলে জানান রানার অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক মুকেশ শর্মা।

মনিষ শিং বলেন, “গাড়িগুলো অধিক মাইলেজ সম্পন্ন, দামে কম, দীর্ঘস্থায়ী এবং পরিবেশ বান্ধব। এছাড়াও আকারে ছোট হওয়ায় ঢাকার রাস্তার জন্য বিশেষভাবে উপযোগী।”

দেশের মানুষের ক্রমবর্ধমান ‘ট্রান্সপোর্ট চাহিদা পূরণে’ রানার বাজাজের এই যানবাহনগুলো দেশে এনেছে বলে জানান হাফিজুর রহমান খান।

“আমরা মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে টেকসই যানবাহন তুলে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আশা করি এই পণ্যগুলো ট্রান্সপোর্ট চাহিদা পূরণে ভূমিকা রাখবে।”