সাভারে ইফাদ অটোস’র সংযোজন কারখানা চালু
ভারতীয় প্রতিষ্ঠান অশোক লেল্যান্ডের গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান ইফাদ অটোস বাংলাদেশে গাড়ি সংযোজন শুরু করেছে।
বৃহস্পতিবার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ইফাদের সংযোজন কারখানাটির কার্যক্রম উদ্বোধন করেন অশোক লেল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ভিনোদ কে দেসায়ি।
কারখানায় অশোক লেল্যান্ড ব্র্যান্ডের বিভিন্ন মডেলের গাড়ি সংযোজন হবে। বছরে ১০ হাজার গাড়ি সংযোজনের সক্ষমতা এই কারখানা অর্জন করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ইফাদ-অশোকের নতুন এই কারখানায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
ভিনোদ কে দেসায়ি বলেন, “আমরা রপ্তানিতে বিশ্বাস করি না, আমরা অংশীদারিত্বের ব্যবসায় বিশ্বাসী। দুই দেশের উদ্যোগের ফলে এই অঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং কারিগরি দক্ষতা বাড়বে।”
ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, এখানে কারখানা স্থাপনের ফলে গাড়ির উৎপাদন খরচ কমবে। ফলে ক্রেতারা আরও সাশ্রয়ী মূল্যে গাড়ি কিনতে পারবেন।
“বর্তমানে বিদেশ থেকে গাড়ি আমদানি করতে সময় ও অর্থ দুটো বেশি খরচ হয়। এই কারখানা চালু হওয়ার ফলে এই সমস্যা দূর হবে।”
কারখানায় বিভিন্ন মডেলের এসি, নন এসি বাস, ট্রাক, কভার্ড ভ্যান, পিকআফ, সংযোজন করা হবে বলে জানান হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানে ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীল আহমেদ, তাসকিন আহমেদ তাসফিন আহমেদসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
