মার্চেই কম্প্রেসার উৎপাদনে যাচ্ছে ওয়ালটন
চলতি বছরের মার্চ থেকে কম্প্রেসার উৎপাদন শুরুর ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্যতম ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন।
গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক পার্কে স্থাপিত একটি কম্প্রেসার কারখানায় এই উৎপাদন শুরু হবে বলে বুধবার কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, বছরে ৪০ লাখ কম্প্রেসার তৈরি করা যাবে বলে এই কারখানা থেকে।
এর আগে মঙ্গলবার চন্দ্রায় ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনে দিনব্যাপী এক ‘প্লাজা কনফারেন্স-২০১৬’ এ সারা দেশ থেকে আসা বিপণন সহযোগীদের এই তথ্য জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম।
তিনি বলেন, “কারখানার অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে মেশিনারিজ স্থাপন, প্রকৌশলী ও কর্মী নিয়োগসহ সব প্রক্রিয়াই সম্পন্ন। আগামী মার্চের প্রথম সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে কম্প্রোসার কারখানা চালু হবে, যা হবে বিশ্বে ১৫তম ও এশিয়ায় অষ্টম কম্প্রেসার উৎপাদনকারী কারখানা।”
আশরাফুল আলম বলেন, “এটি বাংলাদেশের উচ্চ প্রযুক্তি পণ্য উৎপাদন খাতেও একটি মাইলফলক হবে। বহির্বিশ্বে এক নতুন পরিচয় নিয়ে আবির্ভূত হবে বাংলাদেশ।”
বছরে ৪০ লাখ কম্প্রেসার উৎপাদন করে এর মধ্য থেকে ২৫ লাখ বিদেশে রপ্তানি করা হবে বলেও জানান আশরাফুল আলম।
সারা দেশের ৪৮টি জোন থেকে ৭০০ এর বেশি প্লাজা ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক ও আইটি ব্যবস্থাপক সম্মেলনে অংশ নেয় বলে জানায় ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনে।
দিনব্যাপী ওই সম্মেলন উদ্বোধন করেছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা। কনফারেন্সে অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান এসএম নূরুল আলম রিজভী।
গ্রুপের চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম, গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এসএম শামসুল আলম, ওয়ালটন গ্রুপের পরিচালক এসএম রেজাউল আলম ও রাইসা সিগমাসহ ওয়ালটনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
