২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বছরে স্মার্ট হ্যান্ডসেট আমদানি দ্বিগুণ

বাংলাদেশের বাজারের স্মার্ট হ্যান্ডসেটের আমদানি দুই বছরের মাথায় দ্বিগুণ হয়েছে।

শামীম আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2017, 09:05 PM

Updated : 11 Oct 2022, 01:18 PM

পুরনো খবর:

বৈধ-অবৈধ মোবাইল যাচাইয়ের পদ্ধতি আসছে
মোবাইল সেট কারসাজি: ঠকছেন গ্রাহক, ‘উদাসীন’ বিটিআরসি
বাজার দখলে এগিয়ে স্মার্টফোন

আর এই স্মার্ট হ্যান্ডসেটের আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে গত বছরের তুলনায় কমেছে সাধারণ হ্যান্ডসেটের আমদানি।

বাংলাদেশে মোবাইল ফোন আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএমপিআইএ) এর বিগত বছরগুলোর তুলনামূলক আমদানির হিসাব থেকে এ চিত্র উঠে এসেছে।

নতুন বছরেও দেশে স্মার্টফোন আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে প্রতিযোগিতাও বাড়ার আভাস দিয়েছেন ব্যবসায়ীরা। এ বছর চীনের কয়েকটি ব্র্যান্ডের হ্যান্ডসেট কোম্পানি দেশের বাজারে আসছে, ফলে বাড়বে এই প্রতিযোগিতা।

বিএমপিআইএ তথ্য অনুযায়ী, ২০১৪ সালে স্মার্ট মোবাইল হ্যান্ডসেট আমদানির পরিমাণ ছিল ৪০ লাখ ৫৬ হাজার ১৬১টি। ২০১৬ সালে তা বেড়ে দ্বিগুণ হয়ে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৮০ লাখ হ্যান্ডসেটের বেশি।

মাঝে ২০১৫ সালে স্মার্ট হ্যান্ডসেট আমদানি হয়েছিল ৫৬ লাখ ২১ হাজার ৭৬৯টি। এক বছরে এই স্মার্ট মোবাইল হ্যান্ডসেট আমদানি বেড়েছে প্রায় ২৪ লাখ।

গত দুই বছরের তুলনামূলক চিত্রে স্মার্ট মোবাইল হ্যান্ডসেট (ওএস নির্ভর অ্যাডভান্স কমিউটিং) এর আমদানি বেড়েই চলছে।

২০১৫ ও ২০১৬ সালের আমদানির হিসাবে দেখা যায়, সাধারণ হ্যান্ডসেটের (বেসিক ও ফিচার) আমদানি এক বছরে কমেছে প্রায় ২০ লাখ। ২০১৫ সালে এ আমদানির পরিমাণ ছিল দুই কোটি ২০ লাখ ৬৭ হাজারের বেশি। ২০১৬ সালের এ আমদানির পরিমাণ দাঁড়ায় ২ কোটি এক লাখ ৪২ হাজারের কিছু বেশি।

তবে সাধারণ হ্যান্ডসেটের আমদানি কমলেও ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ে মোট হ্যান্ডসেট আমদানির পরিমাণ ক্রমশ বেড়েছে।

২০১৬ সালে মোট মোবাইল হ্যান্ডসেট আমদানি ছিল দুই কোটি ৮০ লাখের বেশি। তার আগের বছর ২০১৫ সালে মোট মোবাইল হ্যান্ডসেট আমদানি ছিল দুই কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ১১১টি। ২০১৪ সালে এর সংখ্যা ছিল দুই কোটি ৪৬ লাখ এক হাজার ৭৭৭টি।

বিটিআরসির তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট ১০৮ জন আমদানিকারক ৯১টি ব্র্যান্ডের মোবাইল হ্যান্ডসেট আমদানি করে থাকে।

বাংলাদেশে মোবাইল ফোন আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএমপিআইএ) সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিগত বছরগুলোর মত চলতি বছরেও এ আমদানি আরও বাড়বে।

তবে এই খাতে বিদ্যমান কর কাঠামোর জন্য স্মার্ট হ্যান্ডসেট তুলনামূলকভাবে বাজারে বেশি আসছে না জানিয়ে রেজওয়ানুল হক বলেন, বেশি সুবিধা সম্বলিত স্মার্টফোনগুলো সাধারণের নাগালের বাইরেই থেকে যাচ্ছে।

এর কারণ হিসেবে তিনি বলেন, বাজারে আমদানি করা বেশিরভাগ হ্যান্ডসেট একটু বেশি মূল্যের। করের পরিমাণ বেশি হওয়ায় বাজারে এর দাম বেশি থাকে, তাই অনেক ক্ষেত্রেই ক্রেতাদের মূল দামের চেয়ে অতিরিক্ত ২৫ শতাংশ গুণতে হয়।

প্রতিটি সেট আমদানিতে তার মূল্যের ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও ৫ শতাংশ শুল্কসহ অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ২৫ শতাংশ সরকারকে দিতে হয় বলে জানান হ্যান্ডসেট ব্যবসায়ীরা।

দেশিয় ব্র্যান্ড সিম্ফনির সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক বলেন, বর্তমান স্মার্ট ফোন বাজার দখলে প্রথমে রয়েছে সিম্ফনি (প্রায় ৪২ শতাংশ), এর পর রয়েছে ব্র্যান্ড সামসাং এবং তৃতীয় অবস্থানে রয়েছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন এবং চীনের হুয়াওয়ে।

এ বছর স্মার্টফোন আমদানির সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা বাড়বে বলে মনে করেন রেজওয়ানুল হক।

তিনি বলেন, এ বছর চীনের কয়েকটি ব্র্যান্ডের হ্যান্ডসেট কোম্পানি দেশের বাজারে আসছে, ফলে প্রতিযোগিতা বাড়বে। টেকনো, ভিবো, লেনেভো ও কুলপ্যাড ব্র্যান্ড হ্যান্ডসেট দেশের বাজারে আসছে।

বিটিআরসির হিসাবে, গত সেপ্টেম্বর মাস শেষ নাগাদ দেশে বায়োমেট্রিক নিবন্ধন করা সিম রয়েছে প্রায় ১২ কোটি। এর মধ্যে প্রায় ৮ কোটি সক্রিয় রয়েছে হ্যান্ডসেটে। এর মধ্যে প্রায় তিন কোটি স্মার্টফোন সক্রিয় রয়েছে।

একই হিসাবে দেশে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ছয় কোটি ৬৮ লাখ ছাড়িয়েছে, এর মধ্যে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছয় কোটি ২৯ লাখের বেশি।