গ্রিন ইনভেস্টমেন্ট নিয়ে সেমিনার
দেশে গ্রিন ইনভেস্টমেন্টের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে রাজধানীতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ফেডারেশন ভবনে এফবিসিসিআই’র সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস স্টাডিজ (আইবিএ) ও গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশ যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।
সেমিনারে এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমেদ বলেন, “পরিবেশবান্ধব শিল্প-কারখানা গড়তে গ্রিন টেকনোলোজির বিকল্প নেই। বিশ্ব যখন সবুজের দিকে ঝুঁকছে সেখানে আমাদের প্রতিযোগিতায় টিকে থাকতে অবশ্যই কর্মপরিবেশ গ্রিন করতে হবে।”
অন্য বক্তারা বলেন, বিশ্ব যখন ক্লিন এনার্জি বা পরিবেশবান্ধব শক্তি নিয়ে কাজ করছে বাংলাদেশ পিছিয়ে থাকতে পারে না। দেশে মানসম্মত পরিবেশবান্ধব নবায়নযোগ্য শক্তির উন্নয়নে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো জরুরি।
গ্রিনটেক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদের সভাপতিত্ত্বে সেমিনারে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস স্টাডিজের পরিচালক অধ্যাপক সাইফুল মজিদ, সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জি’র পরিচালক অধ্যাপক সাইফুল হক, ঢাকাস্থ জার্মান দূতাবাসের হেড অব ডেভেলোপমেন্ট কো-আপারেশন একহার্ড হেইন ও গ্রীনটেক ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান বক্তব্য দেন।
