২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব‌্যাংকে পরিচালক পদে আজীবন থাকতে চান উদ‌্যোক্তারা

একটানা দুই মেয়াদের বেশি পরিচালনা পর্ষদে থাকতে না পারার বাধা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন বেসরকারি ব্যাংকের উদ‌্যোক্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2016, 07:49 PM

Updated : 20 Aug 2022, 02:05 PM

রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করে এ দাবি জানান বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। বেসরকারি ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রতিনিধিরাও এসময় উপস্থিত ছিলেন।

সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, “বিএবি প্রতিনিধিরা দাবি করেছেন, ফাউন্ডার ডিরেক্টররা আজীবন ডিরেক্টর থাকতে চান।”

বিদ্যমান ব্যাংকিং আইন অনুযায়ী, ব্যাংকের পরিচালকরা টানা দুই মেয়াদ (৬ বছর) পরিচালক থাকতে পারেন। মাঝখানে বিরতি দিয়ে পরে আবার তারা পরিচালক পদে ফিরতে পারেন।

অর্থমন্ত্রী বলেন, “তারা বলেছেন, পৃথিবীর অনেক দেশেই উদ্যোক্তারা আজীবনই ব্যাংকের পরিচালক পদে থাকেন। ছয় বছর পরে কেন বিদায় নেবেন?”

বিএবি চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, “আজীবন ল্যাঙ্গুয়েজ একটা ব্যাড ল্যাঙ্গুয়েজ। অনেক দেশেই ফাউন্ডার ডিরেক্টররা (উদ্যোক্তা পরিচালক) পরিচালক পদে আজীবন থাকেন। আমরা সে দাবিটিই জানিয়েছি।”

বিএবি ও এবিবির সঙ্গে ‘গুরুত্বপূর্ণ’ আরও বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

শ্রম আইন অনুযায়ী ব্যাংকের মুনাফার একটা অংশ শ্রমিক কল্যাণ তহবিলে দেওয়া বাধ্যতামূলক। কিন্তু ব্যাংকের শ্রমিক কারা, সে বিষয়ে একটি নির্দেশনা চেয়েছে বিএবি ও এবিবি।

বর্তমান আইনে ব্যাংকের এমডি ও পরিচালক নিয়োগের আগে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র নিতে হয়। এতে আপত্তি অর্থমন্ত্রীকে জানিয়েছেন বিএবি ও এবিবি।

মুহিত বলেন, “তাদের দাবির সব কটিই আইনের বিষয়। আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে।”

বৈঠকে এবিবির প্রেসিডেন্ট বেসরকারি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খানসহ বিএবি ও এবিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।