আরও চীনা বিনিয়োগের আশায় বাণিজ্যমন্ত্রী
ভবিষ্যতে চীনা বিনিয়োগ বাংলাদেশ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সফরের এক সপ্তাহ আগে রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশ-চীন বন্ধুত্ব: প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এই আশাবাদ প্রকাশ করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, “পদ্মায় রেল সেতু, কর্ণফুলী টানেল, গার্মেন্টস পল্লীসহ বিভিন্ন বড় বড় প্রকল্পে চীন বিনিয়োগ করছে। আমারা সক্ষমতা অর্জন করেছি, চীনা বিনিয়োগ আরও বাড়বে।”
গত তিন মাসে চীনে রপ্তানি বাণিজ্যে ২৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের কথাও তুলে ধরেন তিনি।
“বর্তমানে চীনের সাথে বাংলাদেশের ১১ বিলিয়ন ডলার বাণিজ্য রয়েছে। এর মধ্যে বাণিজ্য ঘাটতি থাকলে তা নিয়ে আমরা চিন্তিত নই।”
ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এই গোলটেবিলে সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানও আলোচনা করেন।
