সীমান্ত ব্যাংকের প্রথম শাখা উদ্বোধন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সীমান্ত ব্যাংকের প্রথম শাখা উদ্বোধন হয়েছে।
রাজধানীর পিলখানার সীমান্ত স্কোয়ারে চালু হওয়া এই শাখাটি ব্যাংকটির প্রধান শাখা হিসেবে কাজ করবে।
রোববার সকালে বিজিবির মহাপরিচালক ও ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আজিজ আহমেদ এই শাখাটিতে আনুষ্ঠানিক ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তিনি বলেন, “এই ব্যাংক বিজিবির সকল বর্তমান ও অবসরপ্রাপ্ত সদস্যসহ দেশের আপামর জনসাধারণের অর্থনৈতিক কল্যাণে কাজ করবে।”
ব্যাংকটি সীমান্ত এলাকায় ব্যাংকিং কার্যক্রম বিস্তৃত করে সীমান্তের জনগণকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে অপরাধ কমিয়ে আনতে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এবছর চট্টগ্রাম, খুলনা, সাতক্ষীরা, রাজশাহীসহ মোট ছয়টি শহরে ছয়টি শাখা খোলার পরিকল্পনা রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
