২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফোর জি’র সফল পরীক্ষা চালাল রবি

হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের কারিগরি সহায়তায় ‘ফোর জি’ প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে মোবাইল অপারেটর রবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2016, 05:24 PM

Updated : 12 Apr 2022, 02:39 AM

রোববার রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পরীক্ষা চলাকালে ইন্টারনেট ডাউনলোড স্পিড ছিল ৭১ দশমিক ২৬ এমবিপিএস এবং পরীক্ষার জন্য হুয়াওয়ে ‘পি৯ প্লাস’ হ্যান্ডসেট ব্যবহার করা হয়।

রাজধানীর গুলশানে রবির কাস্টমার এক্সপেরিয়েন্স সেন্টারে অত্যন্ত দ্রুতগতির এলটিই প্রযুক্তিটির পরীক্ষা পরিচালিত হয়েছে বলে জানায় রবি।

এসময় রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুন বীরাসিংহে, চিফ টেকনোলজি অফিসার এ কে এম মোর্শেদ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার ইয়াপ ওয়াই ইপ, চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, অ্যাকসেস নেটওয়ার্ক ইমপ্লিমেন্টেশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রুবাইয়াৎ আকরাম এবং হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার ঝাও হাওফু ও অ্যাকাউন্ট ডিরেক্টর নি কাই উপস্থিত ছিলেন।

পরে রবির চিফ টেকনোলজি অফিসার এ কে এম মোর্শেদ বলেন, “এই সফল পরীক্ষার মাধ্যমে আমরা গ্রাহকদের জানান দিচ্ছি, ফোর জি’র গতিতে আপনাদের আপন শক্তিতে জ্বলে উঠার সুযোগ করে দেওয়ার জন্য প্রস্তুত রবি। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এ পদক্ষেপ একটি মাইলফলক হয়ে থাকবে।”  

হুয়াওয়ের সিইও ঝাও হাওফু বলেন, “রবির সাথে এলটিই প্রযুক্তি পরীক্ষার সময় ৭০ এমবিপিএসের বেশি স্পিড দেখে আমরা অভীভূত। আমরা বিশ্বাস করি, এলটিইর মাধ্যমে রবি সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আরো জোরালো ভূমিকা রাখতে পারবে।

“রবির অন্যতম ব্যবসায়িক সহযোগী হিসেবে অপারেটরটির এ লক্ষ্য বাস্তবায়ন এবং এর গ্রাহকদের জন্য ফোর জি নেটওয়ার্কে আকর্ষণীয় স্পিড উপভোগের সুযোগ আনবে হুয়াওয়ে।”

সফল এই পরীক্ষার মাধ্যমে গ্রাহকদের ফোর জি প্রযুক্তির সেবা দিতে রবি প্রস্তুত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।