২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষস্থান ফিরে পেল ব্র্যাক

বেসরকারি উন্নয়ন সংস্থার তালিকায় প্রথম স্থান ফিরে পেয়েছে ব্র্যাক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 07:14 PM

Updated : 20 Aug 2022, 01:01 PM

জেনেভাভিত্তিক গণমাধ্যম সংগঠন ‘এনজিও অ্যাডভাইজার’ ২০১৬ সালের জন্য সেরা ৫০০ উন্নয়ন সংস্থার যে তালিকা তৈরি করেছে তাতে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশের এই সংস্থাটি।  

বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে প্রভাব, নতুন ধারা প্রবর্তন ও টেকসই উন্নয়নে অনন্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ক্যাটাগরিতে ব্র্যাক শীর্ষস্থান পেয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির সিনিয়র মিডিয়া ম্যানেজার মাহবুবুল আলম কবীর।

এক বছরের কর্মকাণ্ড পর্যালোচনা করে প্রতিবছর সেরা উন্নয়ন সংস্থাগুলোর তালিকা প্রকাশ করে থাকে ‘এনজিও অ্যাডভাইজর’।

মাহবুবুল আলম কবীর জানান, রোববার ‘এনজিও অ্যাডভাইজার’ এর ওয়েবসাইটে নতুন তালিকা এসেছে। তারাই ব্র্যাককে আনুষ্ঠানিকভাবে খবরটি জানিয়েছে।

২০০৯ সাল থেকে এই র‌্যাঙ্কিং প্রথা চালুর পর ২০১৩ সালে দি গ্লোবাল জার্নালের পর্যালোচনায় শীর্ষ স্থান পেয়েছিল ব্র্যাক।

অবশ্য পরের বছরে সংস্থাটির অবস্থান ছিল দ্বিতীয়।

চলতি বছর থেকে ‘এনজিও অ্যাডভাইজার’ এই র‌্যাঙ্কিং দেওয়া শুরু করে। এবার ডক্টরস উইদাউট বর্ডারসকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে নেয় ব্র্যাক। এবারের তালিকায় উল্লেখযোগ্য এনজিওগুলোর মধ্যে রয়েছে- অক্সফাম (৫ম); সেভ দ্য চিলড্রেন (৯ম) এবং গ্রামীণ ব্যাংক (১২তম)। 

‘এনজিও অ্যাডভাইজার’ সংগঠনটি স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চায় দৃঢ়ভাবে যুক্ত হয়ে বিভিন্ন উন্নয়ন সংগঠনের কর্মকাণ্ড মূল্যায়ন করে থাকে।

এর অন্যতম প্রতিষ্ঠাতা জন ক্রিস্টোফ নথিয়াস ‘দি গ্লোবাল জার্নাল’ পত্রিকার সম্পাদক ছিলেন।

ব্র্যাকের এই অর্জনের পর সংস্থাটির প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ এক প্রতিক্রিয়ায় বলেন, “এই অর্জন বাস্তবিকভাবেই ব্র্যাকের জন্য একটি বিরাট সম্মানের ব্যপার। বিশ্বজুড়ে দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়নে ব্র্যাকের কর্মীরা উদ্ভাবনী ও কার্যকর সমাধানের প্রসারে নিয়োজিত রয়েছে। তাদের এই নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপই এই সম্মাননা।”          

বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ১২টি দেশে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচি পরিচালনা করে। বর্তমানে প্রায় ১৪ কোটি মানুষ এর সুবিধাভোগী।