চট্টগ্রামের কাঁচা বাজারে স্বস্তি
সরবরাহ স্বাভাবিক থাকায় চট্টগ্রামের কাঁচা বাজারে সপ্তাহের ব্যবধানে বেশ কয়েকটি পণ্যের দাম কমেছে।
এছাড়া স্থিতিশীল রয়েছে মাছ, মাংসসহ বেশিরভাগ খাদ্য পণ্যের দাম।
শুক্রবার নগরীর কাঁচা পণ্যর বৃহত্তম পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারে গিয়ে দেখা গেছে রসুন ও ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের তুলনায় কমেছে; অন্যান্য পণ্যের দামও স্থিতিশীল।
খুচরা সবজি বিক্রেতা মো. রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অধিকাংশ সবজি ৪০ টাকার মধ্যে তারা বিক্রি করছেন।
তবে ইফতারির উপকরণ তৈরিতে ব্যবহৃত বেগুনের দাম খানিকটা বাড়তি; মানভেদে ৫০ থেকে ৭০ টাকার টাকায় বিক্রি হতে দেখা গেছে এই সবজি।
রাসেল বলেন, ঢেঁড়স, চিচিঙ্গা, বরবটি, ঝিঙে, কড়লা ও কাকরল বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি। টমেটো পাওয়া যাচ্ছে ৩৫ টাকার মধ্যে।
এছাড়াও কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিতে ১৫ থেকে ২০ টাকায়; শসা ২৫ টাকার আশেপাশে।
সপ্তাহের বাজার করতে আসা বেসরকারি ব্যাংক কর্মকর্তা জামান জাহান বলেন, “রোজার মাসে এত স্বস্তিতে এর আগে কখনও বাজার করতে পেরেছি বলে মনে পড়ছে না।”
পণ্য সরবরাহ সম্পর্কে জানতে চাইলে বিসমিল্লাহ বাণিজ্যালয়ের কমর্কর্তা শাহিন মিয়া বলেন, “বাজারে পণ্যের ঘাটতি নাই। তবে আমরা পাইকারিতে কম দামে বিক্রি করলেও খুচরায় অনেক পার্থক্য হয়ে যাচ্ছে।”
এদিকে ১৯৫ থেকে ২০০ টাকায় বিক্রি হওয়া রসুনের দাম সপ্তাহের ব্যবধানে কমেছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা। রসুন প্রতি কেজি ১৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আর পেঁয়াজ বিক্রি হচ্ছে আগের দামে, ২৫ টাকায়।
দাম কমার তালিকায় রয়েছে ব্রয়লার মুরগিও। ১৮০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে ১৬০ টাকায়। তবে সোনালী মুরগির কেজি ২৫০ টাকা।
মাছের মধ্যে রুই বিক্রি হচ্ছে কেজি প্রতি ২২০ টাকায়। মৃগেল ১৮০ থেকে ২০০ টাকায়, তেলাপিয়া ১৪০ টাকায়। তবে ইলিশের দাম চড়া রয়েছে এখনও। প্রতি কেজি ইলিশ (মাঝারি) এক হাজার ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে শুক্রবার।
প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় মিলছে লইট্টা মাছ।
হেরফের হয়নি গরুর মাংসের দামে। হাড়ছাড়া গরুর মাংস ৫৫০ টাকা এবং হাড়সহ ৪০০ টাকায় মিলছে।
