২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল হ্যান্ডসেট উৎপাদনে বাধা শুল্ক বৈষম্য

দেশে মোবাইল হ্যান্ডসেট আমদানিতে বিদ্যমান শুল্কের চেয়ে পণ্যটির জন্য কাঁচামাল আমদানিতে দ্বিগুণের বেশি শুল্ক দিতে হয় জানিয়ে মোবাইলের কাঁচামালের ওপর সব ধরনের শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে দেশীয় প্রযুক্তি ব্র্যান্ড ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 10:24 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন শুল্ক বৈষম্যের এই চিত্র তুলে ধরে।

এতে বলা হয়, একই পণ্যে শুল্ক বৈষম্যের কারণে দেশীয় কারখানায় মোবাইল হ্যান্ডসেট উৎপাদন করতে পারছে না প্রযুক্তি শিল্পের বিনিয়োগকারীরা।

ওয়ালটনের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে মোবাইল ফোনের বাৎসরিক ১০ হাজার কোটি টাকার বাজার পুরোটাই আমদানি নির্ভর। মোবাইল ফোন আমদানিতে ভ্যাট, কাস্টমস, এআইটিসহ শুল্ক দিতে হয় ২৩ দশমিক ৭৫ শতাংশ।

কিন্তু দেশে মোবাইল ফোন তৈরি করলে কাঁচামাল এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে শুল্ক দিতে হয় সর্বোচ্চ ৯৫ শতাংশ।

সব কাঁচামাল এবং যন্ত্রাংশের গড় শুল্ক দাঁড়ায় ৩৭ থেকে প্রায় ৪০ শতাংশ। অর্থাৎ সম্পূর্ণ তৈরি মোবাইল ফোন আমদানির তুলনায় কাঁচামাল এবং যন্ত্রাংশ আমদানি করলে শুল্ক দিতে হয় প্রায় দ্বিগুণ।

এই বাধার কারণে বাংলাদেশে কেউ মোবাইল ফোন তৈরি করে বিপুল ক্ষতির ঝুঁকি নিতে চাইছেন না বলেও মত এই প্রযুক্তি প্রতিষ্ঠানের।

মোবাইল ফোন তৈরি করতে প্রায় ৯০টি কাঁচামাল প্রয়োজন। প্রাথমিকভাবে যার বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।