২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হয়রানি’ বন্ধে উদ্যোগ চান সুপার শপ মালিকরা

‘ভ্যাটের নামে বাড়তি অর্থ আদায়ের’ মতো অভিযোগের মধ্যে থাকা সুপার শপ মালিকরা দাবি করেছেন, ‘আইনের অপপ্রয়োগে’ তাদের ব্যবসা জর্জরিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 06:56 PM

Updated : 11 Oct 2022, 08:14 PM

পুরনো খবর:

সারা দেশে সুপার শপ বন্ধ রাখার ঘোষণা
বিক্রি বন্ধ, তালা ঝুলছে সুপার শপে

উত্তরণে সরকারকে উদ্যোগী হওয়ারও আহ্বান জানান তারা।

ভ্রাম্যমাণ আদালতরে অভিযানের প্রতিবাদে রোববার সারাদেশে সুপার শপ বন্ধ রাখার কর্মসূচি পালন করছে বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন।

কর্মসূচির মধ্যেই রোববার এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা দাবি করেন, ব্যবসার ‘প্রকৃত অবস্থা’ তুলে ধরতে তারা কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।

বিকালে ঢাকার একটি হোটেলে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে আগোরা, মীনা বাজার, স্বপ্ন, প্রিন্স বাজার, ক্যারি ফ্যামিলি, শপ অ্যান্ড সেফ, আলমাস ও আমানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারা বলেন, সাধারণ নিত্যপণ্যের বাজারের তুলনায় সুপার মার্কেটগুলোর পরিবেশ ও ব্যবস্থাপনা গ্রাহকদের কাছে সমাদৃত হলেও সুপার মার্কেটগুলোতে ‘উদ্দেশ্যমূলকভাবে’ বার বার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।

দেশে একই ধরনের আরও ১০ লাখ দোকান থাকলেও সেখানে কারও নজর নেই বলে তাদের দাবি।

ভ্রাম্যমাণ আদালতের কাজের প্রক্রিয়া ও পণ্য পরীক্ষা পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলা হয় ওই সংবাদ সম্মেলনে।

লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি নিয়াজ রহিম বলেন, বৈষম্যমূলক ৪ শতাংশ ভ্যাট, বিভিন্ন ট্যাক্স চালু আছে যা অন্যান্য দোকানগুলোতে নেই। এসব বৈষম্যমূলক নীতির কারণে নতুন এই খাতটি জর্জরিত।

“খাদ্যের মান যাচাইয়ে সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন না করে নিজেদের ইচ্ছে মতো তাৎক্ষণিক অভিযোগ দাঁড় করিয়ে মোটা অংকের জরিমানা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালতে। এ ধরনের প্রচারমুখী তৎপরতার মধ্য দিয়ে প্রকৃত অপরাধীদের ছাড় দেওয়া হচ্ছে, জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং একটি বিকাশমান খাতকে অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে।”

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’ ২০০৯ এর ৪ (৪০) ধারা অনুযায়ী পণ্যের নির্ধারিত মূল্য অর্থাৎ সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে বেশি মূল্যে কোনো পণ্য প্রস্তাব করতে পারবে না।

তবে এই আইন না মেনে খোলামেলাভাবেই গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ রয়েছে বেশিরভাগ সুপার শপগুলোর বিরুদ্ধে।

এছাড়া সাম্প্রতিক সময়ে মেয়াদোত্তীর্ণ পণ্য, পচা মাছ-মাংস বিক্রিসহ নানা অভিযোগে জরিমানা করা হয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে।  

মিনা বাজারের পরিচালক কাজি ইনাম আহমেদ বলেন, “বাধ্য হয়েই তারা ধর্মঘটের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।”

সরকার তাদের অভিযোগগুলো শুনে ব্যবস্থা নেবেন বলেও আশা করেন তিনি।

অন্যদের মধ্যে সংগঠনের সভাপতি নিয়াজ রহিম, সাধারণ সম্পাদক জাকির হোসনে, স্বপ্ন এর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, মিনাবাজারের পরিচালক কাজি ইনাম আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।