২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারা দেশে সুপার শপ বন্ধ রাখার ঘোষণা

‘অভিযানের নামে হয়রানির’ অভিযোগ তুলে সারা দেশে চেইন সুপার শপগুলো বন্ধ রেখেছে বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2016, 08:54 PM

Updated : 11 Oct 2022, 08:14 PM

পুরনো খবর:

স্বপ্নের মাছে ফরমালিন, জরিমানা
স্বপ্নকে ফের জরিমানা
আগোরা ও স্বপ্নকে ৫ লাখ টাকা জরিমানা
মিরপুরে স্বপ্ন ও প্রিন্স বাজারের জরিমানা
মিরপুরে স্বপ্ন ও প্রিন্স বাজারকে জরিমানা
পচা পণ্যের জন্য জরিমানা আগোরা-মীনা বাজারকে

নীতিমালায় বৈষম্য ও আইনের অপপ্রয়োগের মাধ্যমে অব্যাহত হয়রানির প্রতিবাদে শনিবার সংগঠনটির মহাসচিব জাকির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববারের এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “রোববার সারাদেশে আগোরা, মীনা বাজার, স্বপ্ন, প্রিন্স বাজার, ক্যারি ফ্যামিলি, শপ অ্যান্ড সেফ, আলমাস, আমানাসহ সব ধরনের সুপার মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

দীর্ঘদিন ধরে বাংলাদেশের সুপারমার্কেট খাদ্য ও পণ্যের আধুনিকতম সংরক্ষণ ও বিপণণের জন্য কাজ করে আসছে বলেও তাদের দাবি।

তারা বলছেন, সুপারমার্কেটগুলো নিরাপদ খাদ্যের ব্যাপারে দৃশ্যমান ভূমিকা রাখলেও  ভ্রাম্যমাণ আাদালতের পাশাপাশি পুলিশ-র‌্যাব গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে নিয়মিত অভিযান চালিয়ে অবৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য পরীক্ষার প্রেক্ষিতে তাদের জরিমানা করছে।

এ ধরনের অভিযানকে প্রকারন্তরে ‘উদ্দেশ্যমূলক’ বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

“দেখে-শুনে মনে হয়, এ ধরনের অভিযানে সুপার মার্কেটগুলোকেই টার্গেট করা হচ্ছে। এর মাধ্যমে ক্রেতাদের কাছে ভুল বার্তা দেওয়া হচ্ছে, যেন এই দোকানগুলোর উদ্দেশ্যই ক্রেতাদের পচা বা ভেজাল পণ্য বিক্রি করা।”

হঠাৎ করে এ ধরনের ঘোষণার বিষয়ে জানতে চাইলে চেইন শপ স্বপ্ন এর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে অহেতুক হয়রানি বন্ধের জন্য সরকারের সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়ে আসছি। তারপরও এটা বন্ধ না হওয়ায় আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।”