২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে স্বপ্ন ও প্রিন্স বাজারের জরিমানা

মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে রাজধানীর মিরপুরে সুপার শপ স্বপ্ন ও প্রিন্স বাজারকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্র্যাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 06:15 PM

Updated : 22 Aug 2022, 12:44 PM

বুধবার দুপুরে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।

র‍্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার দুপুরে মিরপুর এলাকায় পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুটি প্রতিষ্ঠানের মধ্যে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে সুপার শপ স্বপ্নকে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা। এছাড়া একই অপরাধে প্রিন্সবাজারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

এ বিষয়ে যোগাযোগ করা হলে স্বপ্নের মুখপাত্রের পক্ষ থেকে পাঠানো এক ই-মেইলে বলা হয়, “আজ যে অভিযোগের ভিত্তিতে স্বপ্নকে জরিমানা করা হয়েছে, তার সহায়ক প্রয়োজনীয় কাগজ এবং দলিল আমরা পরিবেশন করতে চেয়েছি। জরিমানা করার সময় সেসব কাগজ বিবেচনা বা পরীক্ষা করেও দেখা হয়নি।”

প্রতিষ্ঠানটির দাবি, গ্রাহকদের কাছে সবসময় মানসম্মত পণ্য পৌঁছে দেওয়ার বিষয়ে সচেতন হলেও এক্ষেত্রে স্বপ্নকে আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগও দেওয়া হয়নি।