বিক্রি বন্ধ, তালা ঝুলছে সুপার শপে
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেল-জরিমানার প্রতিবাদে সুপার শপগুলোতে পণ্য বিক্রি বন্ধ রেখেছেন মালিকরা।
বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে রোববার সকাল থেকে চেইন সুপার শপগুলো বন্ধ রয়েছে।
সকালে ঢাকার গুলশান, মগবাজার, ধানমন্ডি, মিরপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে স্বপ্ন, মীনাবাজার, আগোরা, প্রিন্স বাজারসহ অন্যান্য সুপার শপের আউটলেটগুলো বন্ধ পাওয়া যায়।
রামপুরার বনশ্রীতে ১ ও ৬ নম্বর সড়কে স্বপ্ন’র দুটি শাখা বন্ধ রয়েছে। একটি বাইরে থেকে তালাবন্ধ থাকলেও অপরটিতে তালা লাগিয়ে ভিতরে অবস্থান করছিলেন কর্মচারীরা।
এক কর্মচারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কর্তৃপক্ষ আজকে সারাদিন বিক্রি বন্ধ রাখতে বলেছে। বাইরে নোটিশ টাঙানো আছে, দেখেন।”
সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব জাকির হোসেন শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানিয়েছিলেন।
ধর্মঘটের কারণ হিসেবে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপার মার্কেটগুলো নিরাপদ খাদ্যের ব্যাপারে ‘দৃশ্যমান ভূমিকা’ রাখলেও ভ্রাম্যমাণ আাদালতের পাশাপাশি পুলিশ- র্যাব গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে নিয়মিত অভিযান চালিয়ে ‘অবৈজ্ঞানিক’ পদ্ধতিতে খাদ্য পরীক্ষার প্রেক্ষিতে তাদের জরিমানা করছে।
হঠাৎ করে বিক্রি বন্ধ রাখার কর্মসূচিতে যাওয়ার কারণ জানতে চাইলে চেইন শপ স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে অহেতুক হয়রানি বন্ধের জন্য সরকারের সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়ে আসছি। তারপরও এটা বন্ধ না হওয়ায় আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।”
