২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লড়াই করে’ বরাদ্দ বাড়িয়েছেন মেনন

আগামী অর্থবছরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের বরাদ্দ ১০০ কোটি টাকা বাড়ছে বলে জানিয়েছেন মন্ত্রী রাশেদ খান মেনন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 11:26 PM

Updated : 15 Dec 2023, 11:44 PM

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠানে তিনি এই তথ্য জানানোর সঙ্গে এর জন্য ‘লড়াই’ করার কথাও জানান।

“অর্থ ছাড়া কোনো কিছু হবে না। আজকে সকাল ১২টা থেকে অর্থের জন্য লড়াইটা করতে হয়েছে। সেটুকু এচিভমেন্ট নিয়ে এখানে এসেছি।”

গত বাজেটে ২৪৮ কোটি টাকা বরাদ্দ ছিল জানিয়ে আওয়ামী লীগের জোট শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, “আজকে একশ কোটি টাকা বাড়ার সম্ভাবনা তৈরি হল।”

পর্যটন শিল্পকে যে দৃষ্টিতে দেখা দরকার তাতে ঘাটতি রয়েছে বলে তা নিয়ে হতাশা প্রকাশ করেন পর্যটনমন্ত্রী। অভ্যন্তরীণ পর্যটন বাড়লেও তাকে একটি পরিকল্পিত জায়গায় নিয়ে যাওয়ার কাজটি এখনও হয়নি বলে জানান তিনি।

মেনন বলেন, “এভিয়েশন ও ট্যুরিজম বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। আশা করছি, সাফল্যের সঙ্গে সে চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে।”

সাম্প্রতিক কিছু হত্যাকাণ্ড এবং তাতে জঙ্গি সংগঠনের দায় স্বীকারের ঘটনা পর্যটনে প্রভাব ফেলছে বলে স্বীকার করেন তিনি। 

“সম্প্রতি ধর্মীয় সন্ত্রাসবাদের কথা বলে বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। এতে কিছুটা অফ সাইডে পড়ে গেছি।”

এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম (এটিজেএফবি), ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (টিওএবি) ও অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্ট বাংলাদেশ (এটিএবি) এ সভা আয়োজন করে।

আলোচনা সভায় ট্রাভেল এজেন্টরা তাদের জন্য আলাদা রং, নম্বর প্লেট, রুট পারমিটের আওতায় পর্যটকবাহী গাড়ি আমদানির ব্যবস্থা করা, এই ব্যবসায় যুক্তদের সিআইপি সুবিধা প্রদান, এফসি একাউন্ট খোলা, লেনদেন ও বিদেশে টাকা পাঠানোর বিড়ম্বনা কাটানোর দাবি তোলেন।

তা শোনার পর অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, “এই বিষয়গুলো সমাধান করে দেব এটি বলছি না, তবে যৌক্তিক দাবিগুলো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার সুযোগ তৈরিতে পাশে থাকব।”

অনুষ্ঠানে সিপিডি, টিওএবি ও এটিএবির তিনজন কর্মকর্তা মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

মূল প্রবন্ধে সিপিডির অতিরিক্ত পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, পর্যটন বর্ষের প্রচারণায় তেমন নজর দেওয়া হচ্ছে না। এখানে সরকারের গুরুত্ব দেওয়া দরকার। আগামীতে বাংলাদেশে প্রচুর পর্যটক আসবেন। এজন্য মন্ত্রণালয়ের সক্ষমতা বাড়াতে উদ্যোগ নেওয়া দরকার।

টিওএবির পরিচালক মাসুদ হাসান বাংলাদেশের পর্যটন শিল্প নিয়ে গবেষণার উপর গুরুত্ব দেন। এই শিল্পের জন্য ঋণ সহজ করার সুপারিশও করেন তিনি।

এটিএবির ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ আবদুল হামিদ বলেন, “প্রস্তাবিত বাজেটে পর্যটন শিল্পে ৫০০ কোটি টাকার বাজেট দরকার।”

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আখতারুজ্জামান খান কবির, বেবিচক চেয়ারম্যান ইহসানুল গনি, বাংলাদেশ বিমানের জিএম (সেলস) কাজী আহসান, টিওএবির প্রথম ভাইস প্রেসিডেন্ট রাশেদুজ্জামান, এটিএবির সাধারণ সম্পাদক আসলাম খান, এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নাদিরা কিরন, সহ সভাপতি মুজিব মাসুদ, সাধারণ সম্পাদক তানজিম আনোয়ার বক্তব্য রাখেন।