অপারেটরের মাধ্যমে ‘লকিং’ অফারে স্মার্টফোন বিবেচনায়
অপারেটরের মাধ্যমে কিস্তিতে ‘লকিং’ অফারে হ্যান্ডসেট বাজারজাত করার অনুমতি দেওয়ার বিষয় বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছে বিটিআরসি।
শনিবার এক অনুষ্ঠানে টেলিযোগযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি চেয়ারম্যান শাজাহান মাহমুদ এ আশ্বাস দেন।
ওয়েস্টিন হোটলে টেলিযোগাযোগ খাতের প্রতিবেদকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ ওই অনুষ্ঠানের আয়োজন করে।
অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) প্রতিনিধি এবং গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন বলেন, একেবারে টাকা দিয়ে ভাল মানের স্মার্ট হ্যান্ডসেট কেনার অনেকের সামর্থ্য নেই, দুই বছরের কিস্তিতে অপারেটরদের মাধ্যমে এই সেট দিলে অনেকেই তা নিবে।
“কিস্তির মাধ্যমে ওই সেট দিলেও সেই গ্রাহককে নির্দিষ্ট অপারেটরের নেটওয়ার্কে থাকতে হবে, বিশ্বের অনেক দেশেই এ পদ্ধতি আছে, যারা আমদানি করে তারা বেশি সংখ্যায় এই সেটগুলোকে একটি বিশেষ ছাড় দিতে পারবে, সেই ছাড় গ্রাহকরা পাবে। হ্যান্ডসেট লকিং এর মাধ্যকে হাইঅ্যান্ড স্মার্ট হ্যান্ডসেটগুলো আরো সহজলভ্য করা যাবে।”
“স্মার্টফোন প্রসারে বিদেশি কোন মডেল আনা যায়, অপারেটররা একটি ফোন নিয়ে গ্রাহকদের বললো আমাদের নেটওয়ার্ক দুই বছর ব্যবহার করলে টাকা কেটে শোধ হয়ে যাবে। বিদেশে এটি একটি পরীক্ষিত ফর্মুলা। এ বিষয়ে বিটিআরসিতে আলোচনা শুরু করা হবে, সঠিক প্রস্তাব থাকলে লিখিতভাবে পেশ করুন, সময়ের সাথে সাথে পলিসি চেঞ্জ হয়,” বলেন তিনি।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, “যতক্ষণ কিস্তি পরিশোধ না হয় ততক্ষণ সেই অপারেটর ব্যবহার করতে হবে এ রকম কিছু করা যায়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সুলভে সবার হাতে স্মার্ট হ্যান্ডসেট তুলে দেওয়া। আমার মনে হয় বিটিআরসি এই বিষয়টি বিবেচনা করতে পারে।”
আটক অবৈধ হ্যান্ডসেট বিক্রির বিষয়টিও আলোচনায় উঠে আসে।
ঢাকা কাস্টমস্ হাউজ কমিশনার লুৎফর রহমান জানান, অবৈধভাবে আমদানি করা হ্যান্ডসেটগুলো বিক্রির কোন বিধান নেই। তাই বিভিন্ন সময়ে আটক করা এই হ্যান্ডসেটগুলো নষ্ট হয়ে যায়। তাই এগুলো বিক্রি করার ব্যবস্থা করলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।
বিটিআরসি চেয়ারম্যান এ বিষয়ে বলেন, আটক হওয়া এসব অবৈধ হ্যান্ডসেট বিক্রির ব্যবস্থা করা যায় কিনা সে ব্যাপারে উদ্যেগে নেওয়া যেতে পারে।
‘ডিজিটাল বাংলাদেশ গঠনে মোবাইল হ্যান্ডসেট এর ভূমিকা’ শীর্ষক ওই সেমিনারে সভাপতিত্ব করেন টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদি।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শামীম আহমেদ।
