২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জব্বারের বলীখেলা: এবারের মেলায় সহযোগী গ্রামীণফোন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলায় এবার সহযোগিতায় থাকছে বেসরকারি টেলিফোন অপারেটর গ্রামীণফোন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 07:11 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

শনিবার সকালে মেলা উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, রোববার থেকে মেলা শুরু হলেও মূল আকর্ষণ বলীখেলা হবে সোমবার বিকালে।

এবছর বলীখেলায় শতাধিক বলী অংশ নেবেন বলে আশা করছেন আয়োজক কমিটির সম্পাদক শওকত আনোয়ার বাদল।

তিনি জানান, এবছর বলীখেলায় চ্যাম্পিয়নকে নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।  

আয়োজক কমিটির সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারি বলেন, মেলা উপলক্ষে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে দোকানিরা আসতে শুরু করেছেন। অনেকে বেচাকেনাও শুরু করেছেন।

মেলা অংশ নেওয়া দোকানিদের কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা নেওয়া হয় না জানিয়ে তিনি বলেন, “মেলায় দোকানির কাছ থেকে কেউ যদি কোনো টাকা পয়সা দাবি করে তাহলে তা আমাদের জানাবেন।”

লালদিঘীর মাঠকে কেন্দ্র করে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এই মেলা হচ্ছে বলেও জানান কাউন্সিলর জহরলাল।

তিনি জানান, বলীখেলায় উপস্থিত থেকে চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে গ্রামীণ ফোনের চট্টগ্রাম সার্কেল হেড এম শাওন আজাদ, হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন এম শাওন আজাদ উপস্থিত ছিলেন।