২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ওয়ালটনের ৩ কোটি টাকা

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে লভ্যাংশের তিন কোটি নয় লাখ টাকা দিয়েছে ওয়ালটন গ্রুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 07:56 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

সচিবালয়ে বুধবার শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর কাছে এই অর্থের চেক তুলে দেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান।

এ সময় শ্রম সচিব মিকাইল শিপার এবং ওয়ালটন গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রম আইন অনুযায়ী, উৎপাদনশীল প্রতিষ্ঠানের এক বছরের নিট লভ্যাংশের ৫ শতাংশের মধ্যে চার শতাংশ অর্থ নিজ কোম্পানির শ্রমিকদের জন্য বরাদ্দ থাকে।

বাকি এক শতাংশের অর্ধেক প্রতিষ্ঠানের নিজস্ব শ্রমিক কল্যাণ তহবিলে এবং বাকি অর্থ শ্রম মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দিতে হয়।

শ্রম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে এ পর্যন্ত ৬৬টি প্রতিষ্ঠান লভ্যাংশের ১২৭ কোটি টাকার বেশি জমা দিয়েছে।

এতে বলা হয়, এ তহবিলের অর্থ ব্যাংকে এফডিআর করে রাখা হয়েছে। এফডিআরের লভ্যাংশ থেকে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় স্থায়ীভাবে অক্ষম, মৃত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের চিকিৎসায় এবং শ্রমিকদের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষায় এ পর্যন্ত দুই কোটির বেশি টাকা দেওয়া হয়েছে।