বায়োমেট্রিক: নিবন্ধনে বেড়েছে গতি
সরকার নির্ধারিত সময়ের শেষ দিকে এসে বেড়েছে আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে মোবাইল সিম পুনঃনিবন্ধনের হার।
নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে গত ১০ থেকে ১৭ এপ্রিল গড়ে প্রতিদিন ১৩ লাখের বেশি গ্রাহক এ পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন করেছেন।
বিটিআরসির হিসাবে ১৭ এপ্রিল পর্যন্ত এয়ারটেলের ৩৬ লাখ ১৪ হাজার ৫৬, বাংলালিংকের এক কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ৫২৬, সিটিসেলের ৪৫ হাজার ২১, গ্রামীণফোন তিন কোটি ২৩ লাখ চার হাজার ১০৯, রবির ৯৭ লাখ ৩৯ হাজার ২৭৬, টেলিটকের দুই লাখ ৬ হাজার ৪৯৩টি সিম নিবন্ধন বা পুনঃনিবন্ধন হয়েছে।
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন চালু রাখার বিষয়ে হাই কোর্টের রায়ের কারণে গতি বেড়েছে বলে মনে করছে বিটিআরসি।
বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকটি নির্দেশনাসহ হাই কোর্টের রায়ের পর বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে।”
শাহজাহান মাহমুদ জানান, ১৭ এপ্রিল পর্যন্ত প্রায় ৬ কোটি ৩৫ লাখ সিম পুনঃনিবন্ধন হয়েছে।
আর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তথ্য অনুযায়ী, ১০ এপ্রিল পর্যন্ত মোট পাঁচ কোটি ৪৫ লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধিত হয়েছে। এ হিসেবে সাতদিনে ৯০ লাখের বেশি সিম পুনঃনিবন্ধিত হয়েছে।
দেশে মোট ১৩ কোটি সিমের মধ্যে আট কোটির মতো বর্তমানে চালু আছে বলে অপারেটরগুলোর ধারণা।
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে এস এম এনামুল হক নামের এক আইনজীবী গত ৯ মার্চ হাই কোর্টে রিট করলে এ প্রক্রিয়া কিছুটা স্লথ হয়ে আসে বলে জানিয়েছিল অপারেটররা।
বিটিআরসির বেঁধে দেওয়া নিয়ম ‘যথাযথভাবে’ অনুসরণ করার নির্দেশনা এবং গ্রাহকের তথ্যের সুরক্ষায় জোর দিয়ে মোবাইল ফোন নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতিকে গত ১২ এপ্রিল বৈধতা দেয় হাই কোর্ট।
গত ১৬ ডিসেম্বর বায়োমেট্রিক পদ্ধতি চালু হওয়ার পর আঙুলের ছাপ না দিয়ে নতুন সিম কেনা যাচ্ছে না। পাশাপাশি চলছে পুরনো সিমের পুনঃনিবন্ধন, যা ৩০ এপ্রিলের মধ্যে শেষ করার পরিকল্পনার কথা বলে আসছে সরকার।
